ময়মনসিংহের গৌরীপুরের কড়মরিয়া গ্রামে জমি কেনা বেচা বন্ধ, গ্রামবাসীর বিক্ষোভ

ময়মনসিংহের গৌরীপুরের মাওহা ইউনিয়নের কড়মরিয়া গ্রামে জে. এল নং (জমির মৌজার পরিচিত নং) সংশোধনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার বিকালে উপজেলার কড়মরিয়া গ্রামে এলাকাবাসীর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
কড়মড়িয়া গ্রামের বাসিন্দা মো. শেখ সাদী বলেন, আমাদের মাওহা ইউনিয়নের কড়মরিয়া গ্রামের জমির সঠিক জে এল নং ৬৭। কিন্ত অনলাইনে ভুলবশত ৬৯ হয়ে গেছে। এই ৬৭/৬৯ এর গ্যাড়াকলে পড়ে গত দুই বছর ধরে গ্রামের জমির দলিল রেজিস্ট্রি করা যাচ্ছে না। জমি কেনা-বেচা বন্ধ। নামজারি ও খাজনা দেয়া যাচ্ছে না। বিষয়টি সংশোধনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করলেও এখানো সংশোধন করা হয় নি।
গ্রামের আরেক বাসিন্দা মো. রাসেল মিয়া বলেন, মায়ের চিকিৎসার জন্য দশ শতক জমি বিক্রি করেছি ৭ লাখ টাকায়। কিন্ত জে এল নং ভুলের কারণে জমি রেজিস্ট্রি করে দিতে পারছি না। ফলে ক্রেতার কাছ থেকে টাকাও পাচ্ছি না। এখন মায়ের চিকিৎসা নিয়ে শঙ্কায় আছি।
গ্রামের বাসিন্দা জয়নাল আবেদীন বলেন, আমি জমি ক্রয় করে কাচারিতে রেজিস্ট্রি করতে গেছিলাম। কিন্ত জে এল নং ভুলের কারণে রেজিস্ট্রি করতে পারি নাই। নায়েব সাহেবরে বললাম বললো এটা সংশোধন করবে। কিন্ত বিগত দুই বছরে এটা সংশোধন হয় নি। এরফলে দুই বছর ধরে গ্রামের জমির কেনাবেচা বন্ধ।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা বলেন, কড়মরিয়া গ্রামের জমির জে এল নং ভুলের বিষয়টি এই প্রথম শোনলাম। আমার কাছে সংশোধনের কোন আবেদন আসে নি। এখন যেহেতু জেনেছি সংশোধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।






























