ময়মনসিংহের গৌরীপুরে একজনের রহস্যজনক মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুরে একব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মইলাকান্দা ইউনিয়নের শ্যামগঞ্জ বাজার আলিয়া মাদ্রাসা রোড সংলগ্ন রেললাইনের পাশে। নিহতের নাম শিপ্টা রবি দাস (৫০)।

নিহত শিপ্টা রবি দাস উপজেলার পূর্ব মইলাকান্দা গ্রামের মৃত ফুলচান রবিদাসের ছেলে। পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ তোলা হয়েছে। সোমবার (৩০ মার্চ) ভোরে তার লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, ভোরে শ্যামগঞ্জ পাটবাজার আলিয়া মাদ্রাসা রোডের রেললাইনের পাশে তার ব্যবহৃত জুতা ও লুঙ্গি পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে তার ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় মৃত পাওয়া যায়।

নিহতের মেয়ে চম্পা রবিদাস (১৫) জানান, রাত আনুমানিক একটার দিকে তার বাবা বাসা থেকে বের হয়ে যান। রাত তিনটার দিকে তিনি রক্তাক্ত অবস্থায় উলঙ্গ হয়ে ঘরে ফিরে আসেন এবং কিছুক্ষণের মধ্যেই মৃত্যুবরণ করেন।

১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আব্দুল্লাহ আল নোমান বলেন, শিপ্টা রবি দাস দীর্ঘদিন মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। চিকিৎসার মাধ্যমে তিনি কিছুটা সুস্থ হন। জীবিকার জন্য তিনি জুতা কালি ও সেলাইয়ের কাজ করতেন।

একই গ্রামের বাসিন্দা আনিসুজ্জামান আনিস জানান, ফজরের নামাজের পর কয়েকজন তাকে ডেকে নিয়ে গেলে তিনি রেললাইনের পাশে জুতা ও লুঙ্গি পড়ে থাকতে দেখেন। পরে শিপ্টা রবি দাসকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে তিনি আহত হয়ে থাকতে পারেন।

ঘটনার পর গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।