ময়মনসিংহের গৌরীপুরে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি এবং সমৃদ্ধ ভবিষ্যৎ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় ময়মনসিংহের গৌরীপুরে ‘ভূমি সেবা মেলা-২০২৬’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনে আয়োজিত মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর পরপরই গৌরীপুর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী, জনসচেতনতামূলক সভা ও মেলার স্টল উদ্বোধনের মাধ্যমে স্থানীয় কর্মসূচি শুরু করা হয়।

উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত জনসচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘সরকারের ভূমি সেবা সহজীকরণ এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার যে অঙ্গীকার, এই ভূমি সেবা মেলা তারই একটি প্রকৃষ্ট উদাহরণ।

ভূমি ব্যবস্থাপনা একটি জটিল ও দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এই জটিলতা দূর করতেই মূলত অনলাইন ও ডিজিটাল মাধ্যমে ভূমি সেবা চালু করেছে সরকার। ডিজিটাল এই সেবাগুলো আমরা কীভাবে সহজে গ্রহণ করতে পারি, তা সাধারণ মানুষকে জানাতেই এই মেলার আয়োজন করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিছ, ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি বেগ ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম এবং গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হীরা।

উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায়, গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি রায়হান উদ্দিন সরকার, আমার দেশ প্রতিনিধি কামাল উদ্দিন প্রমুখ।

মেলায় সরকারি ভূমি সেবা ও ডিজিটালাইজেশনের বিভিন্ন দিক সাধারণ মানুষের সামনে তুলে ধরতে বেশ ৪টি স্টল দেওয়া হয়েছে। আগামী ২১ মে পর্যন্ত এই মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে ও ফ্রি সেবা দেওয়া হবে।