ময়মনসিংহের গৌরীপুরে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুরে পুকুরের পানিতে ডুবে রিয়ামনি (৮) ও ইলমা (৪) নামে দুই সহোদর বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে|

রোববার (৫ জুলাই) বিকেলে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বীর পশ্চিমপাড়া গ্রামে এই দুর্ঘটনাটি ঘটেছে|

নিহত শিশুরা ওই গ্রামের সুলতান মিয়ার মেয়ে| এদের মধ্যে রিয়ামনি স্থানীয় বীর পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল|

ফায়ার সার্ভিসের ডুবুরি দল ৪৫ মিনিটের চেষ্টায় আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টায় ছোট বোনের মরদেহ উদ্ধার করে|

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বিদ্যালয় থেকে রিয়ামনি বাড়ি ফিরে| পরে দুপুর ২টায় ছোট বোন ইলমাকে নিয়ে পুকুরের পাড়ে যায়| পুকুরপাড়ে গেলে ইলমা কাঁদায় পড়ে যায়| কাঁদা ধুঁইতে পুকুরের পানিতে নামলে ছোট বোন ইলমা পানিতে তলিয়ে যেতে থাকে| এ সময় তাকে উদ্ধার করতে বড় বোন রিয়ামনি পানিতে ঝাঁপ দিলে দুজনই ডুবে যায়| বিষয়টি আট বছরের আরেক শিশু সুমাইয়া দেখতে পেয়ে পরিবারের সদস্যদের জানায়| স্বজনরা তাৎক্ষণিক পুকুরপাড়ে গিয়ে রিয়ামনিকে ভাসতে দেখে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন|
এদিকে নিখোঁজ ছোট বোন ইলমাকে স্থানীয়রা দুই দফা খুঁজেও সন্ধান না পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেয়| তারা এসে উদ্ধার করতে না পারায় ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে জানানো হয়| পরে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে ৪৫ মিনিটের চেষ্টায় পুকুর থেকে ইলমার মরদেহ আনুমানিক সাড়ে ৬টায় উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে|
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের স্টেশন লিডার সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ডুবুরি দল নিয়ে তারা উদ্ধার অভিযান শুরু করেন এবং ৪৫ মিনিটের চেষ্টায় শিশুটির মরদেহ উদ্ধার করতে সক্ষম হন|
দুই সন্তানকে হারিয়ে মা নার্গিস বারবার মূর্ছা যাচ্ছেন আর বিলাপ করে বলছেন, “আমার বুকের ধন দু&ইটা পুকুরের পানিতে ডুবে মারা গেল| রিয়ামনি স্কুল থেকে এসে প্রাইভেট পড়তে যাওয়ার কথা ছিল| ছোটটা পানিতে তলিয়ে যাওয়ার সময় বড় মেয়ে তুলতে গিয়ে সেও ডুবে গেল| আমি এখন কী নিয়ে বাঁচব!”
দুই মেয়েকে হারিয়ে বাবা বাকরুদ্ধ হয়ে পড়েন এবং ঘরের বারান্দায় অচেতন অবস্থায় পরে আছেন| দুই বোনের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে|