ময়মনসিংহের গৌরীপুর প্রতিমা নিয়ে বিসর্জনে যাওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু

বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের আনন্দ এক মুহূর্তেই রূপ নিল চিরতরে বিদায়ের করুণ চিত্রে। প্রতিমা বিসর্জনের আগেই যেন নিজেই এই পৃথিবী থেকে বিসর্জন নিয়ে চলে গেলেন সঞ্জিব চৌহান (৪৮) নামে সনাতন ধর্মাবলম্বী এক ব্যক্তি।
ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের মাস্টারপাড়া এলাকার ঝলক মাস্টারপাড়া পুজামণ্ডপ থেকে প্রতিমা নিয়ে যাওয়ার সময় মণ্ডপের সামনে ঝুলে থাকা তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়। নিহত সঞ্জীব চৌহান মাস্টারপাড়া এলাকার শ্যামলাল চৌহানের ছেলে।
তাঁকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফেরদৌস আল মামুন তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই সঞ্জীব চৌহানের মৃত্যু হয়েছিল।
ঝলক মাস্টারপাড়া পুজামণ্ডপ কমিটির সভাপতি অজিত চৌহান জানান, বুধবার রাত আনুমানিক ৯টার দিকে দুর্গা মায়ের প্রতিমা নিয়ে বিসর্জনের উদ্দেশ্যে যাওয়ার সময় মণ্ডপের সামনে একটি ঝুলে থাকা তার সরানোর চেষ্টা করেন সঞ্জীব চৌহান। দুর্ভাগ্যবশত, সংযোগস্থলে কস্টেপ মোড়ানো না থাকায় তারের স্পর্শে তিনি মারাত্মকভাবে বিদ্যুতায়িত হন।
তাদেরকে বারবার বলার পরেও এসব তারে কস্টেপ দিয়ে পেঁচিয়ে দেয়নি। নিয়ম হলো এক জায়গা থেকে তার নিয়ে অন্য জায়গায় ব্যবহারের পূর্বে সকল সংযোগস্থানে চেক করে, জোড়া দেয়া সেই কাজটা না করার কারণেই এ দুর্ঘটনা ঘটলো।
তাঁর স্ত্রী শিলা চৌহান জানান, সঞ্জীব সারাদিনই মণ্ডপের কাজে ব্যস্ত ছিলেন। রাতে শুনি দুর্গামাকে বিদায় জানাতে গিয়েই তার মৃত্যু হয়। আমার দুই সন্তান পিতৃহারা হয়ে গেলো।
বাংলাদেশ পুজা উদযাপন ফ্রন্টের উপজেলা কমিটির আহ্বায়ক কমল সরকার জানান, আমরা যখন প্রতিমা বিসর্জনে ব্যস্ত ঠিক সে সময়ে মাকে বিদায় জানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সঞ্জিব। তার অকাল মৃত্যুতে আমরা শোকাহত।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে কারও কোনো অভিযোগ পাওয়া যায়নি।



























