যশোরের রাজগঞ্জের সড়কে বেপরোয়া মোটরসাইকেল চালকরা, প্রশাসনের নজরদারি প্রয়োজন

ঈদ এলেই যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জের বিভিন্ন সড়কে মোটরসাইকেল চালকদের মধ্যে বেপরোয়া আচরণ লক্ষ্য করা যায়। গতি প্রতিযোগিতা, স্টান্ট, হর্ন বাজানো এবং রাতভর ডিজে নৃত্যের উন্মাদনা- সব মিলিয়ে সড়কে তৈরি হয় অনিরাপদ পরিবেশ।

প্রতি বছরই ঈদের আনন্দ ম্লান করে দিয়ে এসব বেপরোয়া আচরণের কারণে ঘটে বহু সড়ক দুর্ঘটনা, প্রাণ হারান অসংখ্য তরুণ চালক। এবারও তার ব্যতিক্রম হলো না। ঈদের দিন দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গায় সুরুজ আলী (১৮) নামের এক যুবক মোটরসাইকেল চালক দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হয়েছেন।

আহত হয়েছে আরও এক যুবক। তার মোটর সাইকেলের গতি ছিলো বেপরোয়া। অতিরিক্ত গতিতে মোটর সাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি এ দুর্ঘটনার কবলে পড়েন বলে সংবাদপত্র সূত্রে জানা যায়। নিহতকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

রাজগঞ্জের সচেতন ব্যক্তিদের মতে, ঈদকে কেন্দ্র করে তরুণদের মধ্যে মোটরসাইকেল চালানোর বেপরোয়া প্রবণতা দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত সতর্কতা ও নজরদারি বাড়ানো প্রয়োজন। তা না হলে এঅবস্থা চলতেই থাকবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, পরিবার, সমাজ ও স্থানীয় কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টায় তরুণদের সচেতন করা জরুরি। নচেত ঈদের আনন্দ প্রতিবছরই এভাবে শোকের সংবাদ হয়ে ফিরে আসবে।