রাজনৈতিক প্রভাবে জমি দখলের চেষ্টা প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন

রাঙ্গামাটিতে পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে জোরপূর্বক দখলের প্রতিবাদে ও নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছে রিজার্ভ বাজার এলাকার পুরান পাড়া বাসিন্দার হাজী মোঃ শামসুল ইসলাম। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১২টায় জেলা শহরের বনরূপা এলাকার স্থানীয় একটি রেস্তোরাঁয় এই সংবাদ সম্মেলনের আয়োজন করে
তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্রের ভিত্তিতে ভোগদখলে থাকা তাদের পারিবারিক জমি প্রভাবশালী একটি চক্র পরিকল্পিতভাবে দখলের চেষ্টা চালাচ্ছে।
লিখিত বক্তব্যে তিনি বলেন, “সম্প্রতি রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমির উদ্দিন, এমদাদ হোসেন মানিক, মোঃ রুবেল, মোঃ নিজাম উদ্দিন, রাজু আহম্মদ খোকন ও মোঃ সোহাগসহ আরও কয়েকজন ব্যক্তি প্রকাশ্যে জমিতে ঘর নির্মাণ শুরু করেছেন। আমরা বাধা দিতে গেলে আমাদের ওপর হামলার চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।”
তিনি জানান, গত ১৯ ফেব্রুয়ারি রাঙামাটি কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও অভিযুক্তদের কার্যক্রম বন্ধ হয়নি। তার দাবি, পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করে।
সংবাদ সম্মেলনে হাজী শামসুল ইসলাম বলেন, বর্তমানে আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিকট সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এদিকে, অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে সংবাদকর্মীদেরও সরাসরি হুমকি দেওয়া হয়েছে । বিষয়টিকে গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার ওপর সরাসরি হুমকি হিসেবে দেখছেন সচেতন মহল।
ঘটনার প্রেক্ষিতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ, অবৈধ দখল উচ্ছেদ এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।





























