বাঘাইছড়িতে তিন রহস্যময় ড্রোন লক্ষ করে বিজিবির গুলি

রাঙামাটির বাঘাইছড়ি–মিজোরাম সীমান্তবর্তী আকাশে সন্দেহজনক তিনটি ড্রোনের উপস্থিতি শনাক্ত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ড্রোন তিনটি লক্ষ্য করে ১৫ রাউন্ড গুলি ছোড়েন সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা।
শুক্রবার (২৯ নভেম্বর) রাত ১০টার দিকে বাঘাইছড়ি ২৭ বিজিবি মারিশ্যা জোনের হেলিপ্যাডের উপর এ ঘটনা ঘটে। রাতের অন্ধকারে আকাশে উজ্জ্বল আলোযুক্ত তিনটি ড্রোন উড়তে দেখা যায়। এর মধ্যে একটি ড্রোন সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করলে বিষয়টি বিজিবি সদস্যদের নজরে আসে।
২৭ বিজিবি মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর সাকিব ইশরাক অপূর্ব জানান, রাতে হঠাৎ হেলিপ্যাডে তিনটি ড্রোন দেখতে পান বিজিবি সদস্যরা। জোন কমান্ডারের নির্দেশে ড্রোন তিনটি ভূপাতিত করার উদ্দেশ্যে ১৫ রাউন্ড গুলি ছুড়া হয়।
গুলিবর্ষণের পর ড্রোন তিনটি গতিপথ পরিবর্তন করে পিছু হটতে শুরু করে। একপর্যায়ে সীমান্ত এলাকা ছেড়ে দূরে সরে যায়। তবে ড্রোন তিনটির পরিচয় ও সেগুলো কোথা থেকে পরিচালিত হচ্ছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
জোন কমান্ডার লে: কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ পিএসসি বলেন, সীমান্তে নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি তৎপর রয়েছে। সকল বিওপিকে সর্বচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।





























