রাজশাহীর গোদাগাড়ীতে ই-কমার্স ওয়েবসাইট ‘সেলার বিডি ডট কম’-এর যাত্রা শুরু

রাজশাহীর গোদাগাড়ীতে প্রথমবারের মতো আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো অনলাইন কেনাকাটার ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি ডট কম’। সোমবার বিকেল সাড়ে ৪টায় গোদাগাড়ী উপজেলা সদরের আলম সুপার মার্কেটে এক অনুষ্ঠানের মাধ্যমে ওয়েবসাইটটির উদ্বোধন করা হয়।
গোদাগাড়ী নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট সালাহউদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোদাগাড়ী ডাইংপাড়া বাজার ব্যবসায়ী সংগঠনের (বণিক সমিতি) সভাপতি আসাদুজ্জামান মিলন এবং গোদাগাড়ী নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক এস এম বরজাহান আলী পিন্টু, গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক আসরাফুজ্জামান মাসুমসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, বর্তমান ডিজিটাল যুগে ই-কমার্স মানুষের জীবনযাত্রাকে সহজ করে দিয়েছে। গোদাগাড়ীর মতো জায়গায় এ ধরনের উদ্যোগ স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং তরুণদের কর্মসংস্থানে ভূমিকা রাখবে। তারা সেলার বিডি-র উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং মানসম্মত সেবা নিশ্চিত করার আহ্বান জানান।
সেলার বিডি ডট কম-এর উদ্যোক্তা সোহেল রানা বলেন, “আমরা অত্যন্ত আনন্দের সাথে এই প্ল্যাটফর্মটির যাত্রা শুরু করলাম। রাজশাহীসহ সারা বাংলাদেশের ক্রেতারা এখন থেকে সেলার বিডি-র মাধ্যমে অনলাইনে নিরাপদে এবং বিশ্বস্ততার সাথে কেনাকাটা করতে পারবেন।
সেলার বিডি ডট কম-এর নির্বাহী পরিচালক নওরেজ শরীফ বলেন,এই প্রথম আমরা এআই এর ব্যবহার করে সঠিক পণ্য সঠিক সময়ে পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।”
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা ওয়েবসাইটটির বিভিন্ন ফিচার ঘুরে দেখেন এবং এই নতুন পথচলাকে স্বাগত জানান।
























