রাজশাহীর গোদাগাড়ীর চর আষাড়িয়াদহ ইউনিয়নে ইফতার মাহফিলে- এমপি

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ রেজাউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আব্দুল খালেক, ড. ওবায়দুল্লাহ, মাস্টার নোমায়ন আলী এবং চর আষাড়িয়াদহ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ হিল কাফী। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান এমপি বলেন, পবিত্র রমজান মাস মুসলমানদের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই বরকতময় মাসেই মহান আল্লাহ তাআলা মানবজাতির হেদায়াতের জন্য পবিত্র কুরআন নাযিল করেছেন।

কুরআন এমন এক মহাগ্রন্থ যা মানুষের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের জন্য পূর্ণাঙ্গ দিকনির্দেশনা প্রদান করে এবং সত্য ও মিথ্যার মধ্যে স্পষ্ট পার্থক্য নির্ধারণ করে দেয়।

তিনি বলেন, রমজানের সিয়াম কেবল ক্ষুধা ও তৃষ্ণা থেকে বিরত থাকার নাম নয়; বরং এটি আত্মসংযম, তাকওয়া ও নৈতিকতার এক মহান প্রশিক্ষণ। রোজা মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে, অন্যায় ও অবিচার থেকে দূরে থাকতে শেখায় এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মানসিকতা গড়ে তোলে। রমজানের শিক্ষা যদি ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়ন করা যায়, তবে দুর্নীতি, অনিয়ম ও অবিচার থেকে মুক্ত একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেক বলেন, রমজান মাস মানুষের আত্মশুদ্ধি ও সমাজ সংস্কারের মাস। এ মাসের শিক্ষা ধারণ করে মানুষের কল্যাণে কাজ করতে হবে এবং সমাজে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে।

বিশেষ অতিথি বক্তব্যে ড.ওবায়দুল্লাহ্ বলেন, একটি আদর্শ সমাজ গঠনে ন্যায়, সততা ও ইনসাফের চর্চা অপরিহার্য। জনগণের কল্যাণে কাজ করতে হলে সৎ নেতৃত্ব ও নৈতিক রাজনীতির বিকাশ ঘটাতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ রমজানের শিক্ষা ধারণ করে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ড জোরদার করার আহ্বান জানান।

শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং অংশগ্রহণকারীদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।