রামুতে বৌদ্ধ সুরক্ষা পরিষদের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

কক্সবাজারের রামুতে শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেছে কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদ।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৩টায় রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পাঁচটি পরিবারের মাঝে এসব হুইল চেয়ার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সম্প্রতি রামুতে রেললাইনে দুর্ঘটনায় পা হারানো মর্জিনা আক্তারকে আর্থিক সহায়তাও প্রদান করা হয়। এসময় তার পিতামাতা উপস্থিত ছিলেন।
কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের উপদেষ্টা ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) রামু উপজেলা সভাপতি মাস্টার মোহাম্মদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি কর্মকর্তা তিলক বড়ুয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি মৃনাল বড়ুয়া, সাধারণ সম্পাদক শুভঙ্কর বড়ুয়া, সাবেক ছাত্রনেতা আতিকুল হক আতিক এবং কানন বড়ুয়া বিশাল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিষদের সহ-সভাপতি সুমন বড়ুয়া। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন রামু উপজেলা শাখার সভাপতি রিটন বড়ুয়া এবং সদর শাখার সাধারণ সম্পাদক উমং ছিং রাখাইন।
শেষে পরিষদের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুনিত্য বড়ুয়া ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে বক্তারা মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সমাজের বিত্তবানদের এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।























