সংঘবদ্ধ অপপ্রচারের শিকার ছাত্রদল নেতা সুমন সর্দার: ভিত্তিহীন অভিযোগের দাবি জবি ছাত্রদলের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক সুমন সর্দারের বিরুদ্ধে একটি কুচক্রী মহল সংঘবদ্ধ অপপ্রচার ও মানহানিকর তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে। আসন্ন জবি শাখা ছাত্রদলের নতুন কমিটিকে কেন্দ্র করে রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এই ভিত্তিহীন অভিযোগ ও গুজব ছড়ানো হচ্ছে বলে দাবি করেছেন আহ্বায়ক কমিটির সদস্যরা।
​খোঁজ নিয়ে জানা যায়, সুমন সর্দার ছাত্রদলের দীর্ঘ রাজনৈতিক জীবনে অসংখ্য কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন। বিগত সরকারের আমলে কেন্দ্রীয় ও দলীয় কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে তিনি একাধিকবার গ্রেপ্তার, রিমান্ড ও রাজনৈতিক নির্যাতনের শিকার হন। সেই সময় তাঁর বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলাও দায়ের করা হয়। বর্তমানে জবি ছাত্রদলের নতুন নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়ায় তিনি অন্যতম শীর্ষ আলোচনায় রয়েছেন।
​ছাত্রদলের আহ্বায়ক কমিটির কয়েকজন সদস্য জানান, জবি ছাত্রদল কখনোই কোনো ধরনের অন্যায় ও বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেয় না। সম্প্রতি সুমন সর্দারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের কোনো সত্যতা নেই। ​তারা আরও দাবি করেন, একই অপকৌশল প্রয়োগ করে একটি বিশেষ গোষ্ঠী সুমন সর্দারকে হয়রানি করছে এবং প্রমাণহীন গুজব ছড়িয়ে তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। রাজনৈতিক ফায়দা লোটার উদ্দেশ্যেই এ ধরনের ফ্যাসিবাদী কায়দায় চরিত্রহনন করা হচ্ছে বলে তারা মনে করেন।
একাধিক ছাত্রদল নেতা বলেন,অবশ্যই এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।