সাতক্ষীরার কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান

সাতক্ষীরার কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও হাফেজ ছাত্রদের পাগড়ী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার কাজিরহাট গোয়ালচাতর অরফান কেয়ার (এতিমখানা) ও আর্ন্তজাতিক সেবা সংস্থা ‘আই চ্যারিটি’র যৌথ আয়োজনে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কাজীরহাট কলেজের অধ্যক্ষ এসএম শহিদুল আলমের সভাপতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাসেবক ও সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলা।

বিশেষ অতিথি ছিলেন কলারোয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো.আবু নসর।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক সিনিয়র, এ্যাড. আশরাফুল আলম বাবু, শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন, রাশেদ জামিল মিলন, কাজীরহাট বাজার কমিটির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে ৩১০জন এতিম ছাত্রীদের মাঝে জনপ্রতি আড়াই হাজার টাকা করে উপবৃত্তি প্রদান করা হয়। এছাড়াও এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত তিন ছাত্রীকে বিশেষ সম্মাননা স্মারক ও হিফজ সম্পন্নকারী তিন ছাত্রকে মাথায় পাগড়ী পড়িয়ে সম্মাননা প্রদান করা হয়।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী অধ্যাপক রেজাউল ইসলাম।

উল্লেখ্য, গোয়ালচাতর গ্রামের অস্ট্রেলিয়া প্রবাসী বাবুল আক্তার স্বপনের আর্থিক সহযোগিতায় ২০১০ সাল থেকে গোয়ালচাতর অরফান কেয়ার (এতিমখানা) ও হাফেজিয়া মাদরাসা পরিচালিত হয়ে আসছে। সেখানে শতাধিক শিক্ষার্থী বিনামূল্যে হাফেজি পড়াশোনা ও আবাসিক অবস্থান করেন।