জামায়াত সব সময় দেশ ও জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে: কাজী আলাউদ্দিন

সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) সংসদীয় আসনে ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও বিএনপি’‌র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি কাজী আলাউদ্দিন বলেছেন, “জামায়াতে ইসলামী বাংলাদেশ সবসময় জাতির সঙ্গে ও দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে।”

তিনি অভিযোগ করে বলেন, ১৯৭১ সালে যখন হিন্দু–বৌদ্ধ–খ্রিস্টানসহ সকল ধর্ম–বর্ণের ছাত্র, শ্রমিক, কৃষক, ব্যবসায়ী, সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিল, তখন ওই দল স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল।

রোববার (৩০ নভেম্বর) বিকেলে আশাশুনির বুধহাটা বাজারে ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত ধানের শীষের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা করেন।

কাজী আলাউদ্দিন বলেন, বাংলাদেশের স্বাধীনতার পর জামায়াতের রাজনীতি ও প্রতীক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেনা–জনতার আন্দোলনের মাধ্যমে ক্ষমতায় এসে গণতন্ত্রের স্বার্থে ওই দলকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেন।

তিনি দাবি করেন, ১৯৮৬ সালের পর বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে জিয়াউর রহমানকে হত্যা করে দেশের উন্নয়ন থামিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে ক্ষমতায় আসে স্বৈরাচারী শাসন।

তিনি বলেন, জামায়াতের আমিরও বাধ্য হয়ে স্বীকার করেছেন, বাংলাদেশের গণ–জাগরণের নতুন সুযোগ সৃষ্টি করেছেন গণবিপ্লবের মহানায়ক ‘মাস্টারমাইন্ড’ তারেক রহমান। তার নেতৃত্বে ঘোষিত ৩১ দফা শুধু রাজনৈতিক সংস্কার নয়, দেশের প্রত্যেক সম্প্রদায়, প্রতিটি নাগরিকের উন্নয়নকে কেন্দ্র করে তৈরি।

তিনি আরও বলেন, ২০২৩ সালে ঘোষিত এই ৩১ দফার মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে; মা–বোনদের কথা বিবেচনায় করে ফ্যামিলি কার্ড চালু করা হবে, যার মাধ্যমে পরিবারপ্রধান ঘরে বসেই ভাতা পাবেন—এ ভাতা দিয়ে সন্তানদের পড়াশোনা চালানো ও পরিবারের খরচ মেটানো সম্ভব হবে। কৃষকের জন্য পৃথক কৃষি কার্ড থাকবে, যাতে সহজে সার, সেচসহ উৎপাদন–সম্পর্কিত সুবিধা পাওয়া যায়।

উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে কাজী আলাউদ্দিন আরও বলেন, “আপনারা শুধু কালিগঞ্জ ও দেবহাটার উন্নয়নটা দেখে আসুন। ইনশাআল্লাহ, আমি কথা দিয়ে গেলাম—বাংলাদেশের মধ্যেও আশাশুনি উপজেলাকে একটি রোল মডেল উপজেলায় রূপান্তর করব। একই সঙ্গে আপনাদের জন্য একটি মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে।”

সমাবেশে সভাপতিত্ব করেন বুধহাটা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুর রব এবং সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মামুন হোসেন।

সমাবেশে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য স.ম হেদায়েতুল ইসলাম, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, সাবেক যুগ্ম আহ্বায়ক আজহারুল ইসলাম মন্টু, আশাশুনি উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুর রশিদ, তুহিনউল্লাহ তুহিন, মোঃ শওকত হোসেন, মোঃ রবিউল আওয়াল ছোট ও মোঃ আব্দুল আলিম। বক্তারা ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিনের পক্ষে প্রচারণা জোরদার করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে সমাবেশস্থল উৎসবমুখর হয়ে ওঠে। বক্তারা নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে সাতক্ষীরা-৩ আসনে “গণতান্ত্রিক পরিবর্তন” আনার প্রত্যাশা ব্যক্ত করেন।