সংকটে খালেদা জিয়ার পাশে ফাতেমা ছায়ার আড়ালে মানবতার আলোকবর্তিকা

রাজনীতির ইতিহাসে নেতৃবৃন্দের নামই সাধারণত সামনে আসে। কিন্তু সেই ইতিহাসের আড়ালে থেকে যাঁরা নিরবচ্ছিন্নভাবে সাহস, সেবা ও মানবিক শক্তি জোগান, তাঁদের গল্প কয়জন লেখে,খুব কমই উঠে আসে শিরোনামে। তেমনই এক অনালোচিত কিন্তু গুরুত্বপূর্ণ নাম ফাতেমা।বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের ছায়াসঙ্গী ও বিশ্বস্ত সেবিকা শেষ দিন পর্যন্ত তার পাশে থেকে দ্বায়িত্ব পালন করেছেন।

দীর্ঘ রাজনৈতিক সংকট, কারাবাস ও গুরুতর অসুস্থতার সময়ে খালেদা জিয়ার পাশে অবিচলভাবে দাঁড়িয়েছেন ফাতেমা। কোনো পদ-পদবি কিংবা রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়ে তিনি পালন করেছেন মানবিকতা ,দায়িত্ব নীরবে, নিরলসভাবে।

২০০৯ সাল। পূর্বপরিচিত এক ব্যক্তির মাধ্যমে তিনি কাজ পান বেগম খালেদা জিয়ার বাসভবনে। সেখান থেকেই শুরু হয় এক দীর্ঘ সহযাত্রা। রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা এক নারীর দৈনন্দিন জীবনের নীরব সাক্ষী হয়ে ওঠেন ফাতেমা।

বাথরুমে আনা–নেওয়া, ওষুধ খাওয়ানো, শারীরিক দুর্বলতায় হাত ধরে রাখা, এসব কাজ তার কাছে শুধু দায়িত্ব নয়, যেন সম্পর্কের দায়।

ঘনিষ্ঠ সূত্র জানায়, কারাবাস ও চিকিৎসাধীন সময়ে খালেদা জিয়ার সার্বক্ষণিক দেখভাল, চিকিৎসা-সংক্রান্ত তদারকি এবং মানসিক সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ফাতেমা। অসুস্থতার চরম মুহূর্তগুলোতে তাঁর উপস্থিতি ছিল আস্থার একমাত্র ভরসা।

ফাতেমা কখনো আলোচনার কেন্দ্রে আসতে চাননি। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, দরিদ্রদের সহায়তা এবং নীরবে মানবিক কাজ করাই ছিল তাঁর মূল ব্রত। এসব কাজে তিনি কখনো প্রচার কিংবা স্বীকৃতির পথে হাঁটেননি।

রাজনৈতিক অঙ্গনে ক্ষমতার কাছাকাছি থেকেও ফাতেমা ছিলেন সম্পূর্ণ ব্যতিক্রম। তিনি বক্তব্যের মঞ্চে ওঠেননি, সিদ্ধান্তের আলোচনায় নাম লেখাননি কিন্তু বাস্তব সংকটে ছিলেন অপরিহার্য এক শক্তি।

ফাতেমার জীবন প্রমাণ করে, নেতৃত্ব কেবল প্রকাশ্য মঞ্চে সীমাবদ্ধ নয়। ধৈর্য, ত্যাগ ও সহমর্মিতার মাধ্যমেও সমাজ ও রাজনীতিতে গভীর প্রভাব রাখা সম্ভব।ফাতেমা কেবল একজন রাজনৈতিক নেত্রীর সঙ্গী নন—তিনি মানবিক দায়বদ্ধতার এক উজ্জ্বল উদাহরণ। ক্ষমতার ছায়ায় থেকেও যিনি মানবতার আলোকবর্তিকা।