যশোরের রাজগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে জাঁকজমকপূর্ণ ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। বুধবার (২৪ জুন) বিকেলে রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়নের হানুয়ার বাগেরালি যুব সংঘের উদ্যোগে এবং শিক্ষক রবিউল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় অংশ নিতে দূর-দূরান্ত থেকে দ্রুতগতির ঘোড়া ও দক্ষ সওয়ারীরা উপস্থিত হন। দুপুর গড়াতেই প্রতিযোগিতা উপভোগ করতে হাজারো দর্শকের সমাগম ঘটে। ঘোড়ার দৌড়ের রোমাঞ্চকর লড়াইয়ে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
প্রতিযোগিতা শেষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝাঁপা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতালেব গাজী, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, জামায়াতে ইসলামি নেতা সেলিম রেজা রাজু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে আসাদুজ্জামান মিন্টু বলেন, “ঘোড়াদৌড় বাংলার প্রাচীন লোকজ ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। আধুনিক প্রযুক্তিনির্ভর এই সময়ে তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক আয়োজনের বিকল্প নেই।
গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণে হানুয়ার বাগেরালি যুব সংঘের এ উদ্যোগ প্রশংসার দাবিদার।” আলোচনা সভা শেষে বিজয়ী ঘোড়ার মালিক ও সওয়ারীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানের সভাপতি মফিজুর রহমান মফিজ বলেন, “শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে প্রতিযোগিতা সম্পন্ন করতে সহযোগিতা করায় আয়োজক কমিটি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং উপস্থিত দর্শকদের আন্তরিক ধন্যবাদ জানাই।” পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
দীর্ঘদিন পর এমন একটি ঐতিহ্যবাহী আয়োজন উপভোগ করতে পেরে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন। তবে আনন্দঘন এ আয়োজনের মধ্যেই একটি অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিযোগিতা চলাকালে কলারোয়া উপজেলার এক দর্শনার্থীর একটি মোটরসাইকেল এবং স্থানীয় এক ব্যক্তির একটি মোটরভ্যান চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।






























