ভাষানটেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জুবাইদা রহমান

রাজধানীর ভাষানটেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

শনিবার ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নিতে ভাষানটেক এলাকায় উপস্থিত হন ডা. জুবাইদা রহমান। সেখানে তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে প্রয়োজনীয় উপহার সামগ্রী বিতরণ করেন, যাতে করে তারা তাৎক্ষণিকভাবে চালিয়ে নিতে পারেন দৈনন্দিন জীবন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বহু পরিবারের সদস্যরা তাদের বসতঘর, আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হারিয়ে পড়েছেন চরম দুর্ভোগে।

উপহার সামগ্রী বিতরণের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের স্বাস্থ্য সেবার বিষয়টিকেও দেওয়া হয় গুরুত্ব।
এ উপলক্ষে এলাকায় স্থাপন করা হয় মেডিকেল ক্যাম্প, যেখানে অভিজ্ঞ চিকিৎসকরা ক্ষতিগ্রস্ত নারী, শিশু ও বৃদ্ধদের স্বাস্থ্য পরীক্ষা করেন। সেখানে প্রয়োজন অনুযায়ী সরবরাহ করা হয় ওষুধপত্রও।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও ডা. ফরহাদ হালিম ডোনারসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।