পটুয়াখালীর কলাপাড়ায় বদ্ধ ঘর থেকে ব্যবসায়ীর গলিত মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় বদ্ধ ঘর থেকে সোহাগ সর্দার নামে এক ব্যবসায়ীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ মার্চ) রাত সাড়ে নয়টার দিকে কলাপাড়া পৌর শহরের এতিমখানা গোরস্থান সংলগ্ন লিটন মিয়ার ভাড়া বাসা থেকে দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত সোহাগ সর্দার পার্শ্ববর্তী গলাচিপা উপজেলার নতুন বাজার এলাকার বাড়ির সরদারের ছেলে। এর আগে এদিন বিকেলে ওই ভাড়া বাসা থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে ঘরের দোতালায় তালাবদ্ধ রুমে ওই ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি বুঝতে পারেন স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে তারা গিয়ে বদ্ধ রুমে মৃতদেহের বিষয়টি নিশ্চিত করে।
বাসার মালিক মোহাম্মদ লিটন জানান, গত এক মাস আগে কাপড় ও বিভিন্ন প্রকার কাঁচের মালামাল ব্যবসায়ী সোহাগ তার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করেন। কিন্তু ঈদের পরে তার স্ত্রীকে নিয়ে আসার কথা ছিল। আজ হঠাৎ খবর পাই ওই বাসা থেকে দুর্গন্ধ বের হচ্ছে। ওই ভাড়া বাসায় তিনি দোতালায় একাই বসবাস করতেন, এবং সেখানে তার ব্যবসার মালামাল রাখতেন।
মৃতের স্ত্রী শিউলি বেগম জানান, শবে কদরের নামাজের তিন দিন আগে তিনি কলাপাড়াতে এসেছেন। ঈদের আগে বাড়িতে যাওয়ার কথা ছিল। আজ তার পচা গলা লাশ দেখলাম। কিন্তু কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানিনা বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।
কলাপাড়া থানার তদন্ত কর্মকর্তা ইলিয়াস তালুকদার বলেন , ধারণা করা হচ্ছে অন্তত পাঁচ দিন আগে তার মৃত্যু হয়েছে। প্রচন্ড দুর্গন্ধ বের হচ্ছে। মৃতদেহের অধিকাংশ পচন ধরেছে। আমরা লাশের সুরতহাল করে মর্গে প্রেরণের প্রস্তুতি সম্পন্ন করেছি। তবে পোস্টমর্টেম রিপোর্ট পেলেই তার মৃত্যুর আসল কারণ জানা যাবে। এর আগে ধারণা করা যাচ্ছে না ঠিক কিভাবে তার মৃত্যু হয়েছে।






























