তেল সংকটে চরম ভোগান্তি, যশোরের রাজগঞ্জে ফিরে এসে অসুস্থ প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম

যশোরে তেল সংকটের কারণে চরম ভোগান্তির শিকার হয়েছেন রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম। যশোর থেকে অফিসিয়াল কাজ সেরে শনিবার (০৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে তিনি রাজগঞ্জে ফেরার পথে মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য যশোর আকিজ তেল পাম্পে যান।
সেখানে দেখা যায়- তেল নিতে পাম্পের সামনে দীর্ঘ লাইনে অপেক্ষা করছেন অসংখ্য মোটর সাইকেল চালকরা। প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমও নিয়ম মেনে লাইনে দাঁড়িয়ে পড়েন। কিন্তু অপেক্ষার সময়টি হয়ে দাঁড়ায় আরও কষ্টকর।
টানা তিন ঘণ্টা রোদের মধ্যে দাঁড়িয়ে লাইনের শেষে পৌঁছানোর পর পাম্প কর্তৃপক্ষ হঠাৎ জানায়- “তেল শেষ, আর দেওয়া সম্ভব নয়।” এ ঘোষণা শুনে তিনি হতাশ ও মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত হয়ে পড়েন।
তেল না পেয়ে বাধ্য হয়ে তিনি রাজগঞ্জের উদ্দেশ্যে রওনা দেন। দীর্ঘ ক্লান্তিকর পথ পাড়ি দিয়ে বিকেল ৩টার দিকে রাজগঞ্জে পৌঁছানোর মুহূর্তেই ঘটে বিপত্তি।
তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে পৌছানোর পর মোটরসাইকেল থেকে নামতেই তিনি হঠাৎ পড়ে যান। এসময় শারীরিকভাবে অত্যন্ত দুর্বল অবস্থায় তিনি বলেন, “পুরো শরীর ও হাত-পা কাপছে। খুব খারাপ লাগছে।” তাৎক্ষণিকভাবে উপস্থিত লোকেরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।
ধারণা করা হচ্ছে, দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে থাকা, ক্ষুধা-পিপাসা এবং মানসিক চাপের কারণে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন।
এদিকে, যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলে বেশ কয়েকদিন ধরে চলমান তেল সংকটে সাধারণ মানুষ, শিক্ষক, সাংবাদিক, চাকরিজীবী থেকে শুরু করে মোটরসাইকেল ও ভাড়ায় চালিত যানবাহনচালকরা চরম দুর্ভোগে পড়েছেন। স্থানীয়রা দ্রুত তেল সরবরাহ স্বাভাবিক করার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।






























