রাজশাহীর গোদাগাড়ীতে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজশাহীর গোদাগাড়ীতে অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন এবং বিদ্যমান জ্বালানি সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী জেলা ১১ দলীয় ঐক্য জোট।
রবিবার (১২ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় গোদাগাড়ী উপজেলা সদর থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে ডাইংপাড়া মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা আমীর অধ্যাপক আব্দুল খালেকের সভাপতিত্বে। বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান।
জামায়াতে ইসলামীর রাজশাহী জেলা সেক্রেটারি গোলাম মোর্ত্তজার সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন: গোদাগাড়ী পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ও আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা সভাপতি ড. মোঃ ওবায়দুল্লাহ, রাজশাহী মহানগর এনসিপির সদস্য সচিব আতিকুর রহমান,।
গোদাগাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক কামারুজ্জামান, গোদাগাড়ী উপজেলা জামায়াতের আমীর নুমায়ুন আলী, গোদাগাড়ী পৌরসভার ভারপ্রাপ্ত আমির শওকত আলী ও রাজশাহী জেলা পশ্চিম ছাত্রশিবিরের সভাপতি রেজওয়ান ইসলাম প্রমূখ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “জনগণ গণভোটে যে রায় দিয়েছে, তা কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে জনগণের সেই আকাংক্ষা ও রায়ের প্রতিফলন ঘটাতে হবে।
সরকার যদি গণরায় বাস্তবায়নে গড়িমসি করে, তবে দেশের তৌহিদী জনতা রাজপথে নেমে কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।”
তিনি দেশের চলমান সংকটের কথা উল্লেখ করে আরও বলেন, “বর্তমানে দেশে তীব্র জ্বালানি সংকট চলছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলেছে। অথচ সরকার এই বাস্তব সংকট নিরসনে কার্যকর উদ্যোগ না নিয়ে উদাসীনতা দেখাচ্ছে। আমরা অবিলম্বে এই সংকট সমাধানের দাবি জানাচ্ছি।”
সমাবেশে বক্তারা ঐক্যবদ্ধভাবে দাবি আদায়ে রাজপথে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন। ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন।
























