যশোরের শার্শা ঘরে লুকিয়ে রাখা দুই হাজার ইয়াবাসহ নারী আটক

সীমান্তঘেঁষা যশোরের শার্শা উপজেলায় মাদকবিরোধী অভিযানে একটি বসতঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে, যিনি দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা পরিচালনা করছিলেন বলে অভিযোগ রয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) উপজেলার টেংরা মাদ্রাসাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ফিরোজা খাতুন (৩৯) নামে ওই নারীকে আটক করা হয়। তিনি মৃত অসীম গাজীর স্ত্রী এবং ওই এলাকার স্থায়ী বাসিন্দা।

ডিএনসি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গঠিত একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ফিরোজা খাতুনের বাড়িতে তল্লাশি চালিয়ে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, তিনি স্থানীয়ভাবে একটি মাদক সরবরাহ নেটওয়ার্কের সঙ্গে জড়িত।

উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য কয়েক লাখ টাকা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে শার্শা থানায় সোপর্দ করা হবে।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করা হচ্ছে। সীমান্তবর্তী এলাকায় মাদক কারবার রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।