পটুয়াখালীর কলাপাড়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়ায় মাকসুদা বেগম নামের ত্রিশ বছর বয়সী এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬এপ্রিল)বিকাল সারে চারটার দিকে কলাপাড়া পৌর শহরের সবুজবাগ এলাকার একটি ভাড়া বাসার নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত গৃহবধূ মাকসুদা চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা মো. মিরাজের স্ত্রী এবং উপজেলার নীলগঞ্জ ইউপির আবুল কালামের মেয়ে। এই দম্পতির ঘরে দশম শ্রেণিতে পড়ুয়া মারুফ ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মিসকাত নামে দুটি ছেলে সন্তান রয়েছে। এছাড়া মাকসুদার স্বামী মিরাজ ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত।

মৃতের বড় বোন মারুফা জানান, সবুজবাগ ৮ নং ওয়ার্ডে মাহাবুব তালুকদারের একটি ফ্লাটের নিচ তলায় সন্তানদের নিয়ে ভাড়া বাসায় বসবাস করছিলেন তার বোন মাকসুদা।
আর পাশেই একটি ভাড়া বাসায় তিনিও বসবাস করেন।

তিনি বলেন, মাঝে মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ঝাঁটি হত। আবার মিল মিস হয়ে যেত। কিন্তু হঠাৎই আজ বিকেল তিনটার দিকে রুমের দরজা বন্ধ করে দেয় মাকসুদা।

পরে অনেক প্রচেষ্টায় দরজা খুললেও তাঁকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। তবে তার বোন জামাতা দূরে থাকেন, তার বিরুদ্ধে কোন অভিযোগ নেই বলেও জানান তিনি।

কলাপাড়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ফোরকান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। এটি একটি পারিবারিক কলহ প্রাথমিক ভাবে জানতে পেরেছি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।