নেত্রকোনার মদনে পুলিশের উপর হামলার ঘটনায় কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার

নেত্রকোনার মদন সরকারি হাজী আব্দুল আজিজ ডিগ্রী কলেজ শাখার জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি সৈয়দ মিঠু মিয়াকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার ৫ জুন নেত্রকোনা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীমের অনুমোদনে দপ্তর সম্পাদক আশরাফুল ইসলামের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। এতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নেত্রকোনা জেলা শাখার সিন্ধান্ত মোতাবেক সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজ শাখার ছাত্রদল সভাপতি সৈয়দ মিঠু মিয়াকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাংগঠনিক পদ থেকে তাকে বহিষ্কার করা হল।
সৈয়দ মিঠু মিয়া মদন পৌরসদরে ৫নং ওয়ার্ডের সৈয়দ রঞ্জু মিয়ার ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় মদন সরকারি কলেজ মোড় এলাকায় চট্টগ্রামগামী বাসে যাত্রীদের চরম দূর্ভোগ ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। এমন খবর পেয়ে মদন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাদির হোসেন শামীম পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় যাত্রীরা নানা হয়রানি নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ উৎপাদন করেন। ওই স্থানে আসে ছাত্রদল নেতা সৈয়দ মিঠু। পরে পুলিশ তাকে একটু দূরে সরতে বললে পুলিশের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় সৈয়দ মিঠুর হামলায় দুই পুলিশ সদস্য আহত হয়। আহত দুই পুলিশ সদস্যকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজ শাখার ছাত্রদল সভাপতি সৈয়দ মিঠু মিয়াকে নেত্রকোনা জেলা ছাত্রদলের সিন্ধান্ত মোতাবেক তাকে বহিষ্কার করা হয়েছে। এ দিকে সৈয়দ মিঠু মদন খানায় আটক রয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।
নেত্রকোনা জেলা শাখার ছাত্রদল সভাপতি অনিক মাহবুব চৌধুরী জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়ায় কলেজ শাখার ছাত্রদল সভাপতি সৈয়দ মিঠু মিয়াকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে তার সঙ্গে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়।






























