বগুড়ার গুজিয়া বন্দরে সড়ক সংস্কারে এগিয়ে এলেন নিসচার স্বেচ্ছাসেবীরা

বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া টু রহবল সড়কের সাজনাতলা এলাকায় গর্তে ভরা ক্ষতিগ্রস্ত রাস্তা স্বেচ্ছাশ্রমে সংস্কার করে চলাচলের উপযোগী করে দিয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখার স্বেচ্ছাসেবীরা।

শনিবার (১০ অক্টোবর) বিকেলে জনদুর্ভোগ লাঘব ও সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমাতে তাঁরা এ উদ্যোগ নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গুজিয়া বন্দরের গুরুত্বপূর্ণ এ সড়ক দিয়ে আশপাশের প্রায় ১৪-১৫টি গ্রামের মানুষ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় তিন হাজার শিক্ষার্থী নিয়মিত যাতায়াত করে।

দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে গর্ত সৃষ্টি হওয়ায় যানবাহন ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। সংস্কারের অভাবে সড়কটিতে আগেও কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি জানতে পেরে নিসচার স্বেচ্ছাসেবীরা জনস্বার্থে এগিয়ে এসে সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করেন।

এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, নিসচা শিবগঞ্জ ও মোকামতলা উপজেলা শাখার সভাপতি রাজিকুল ইসলাম রনি, সহসভাপতি সুবীর কুমার দত্ত, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন নয়ন, সাংগঠনিক সম্পাদক সোহাগ আহম্মেদ, তথ্য ও অনুসন্ধান সম্পাদক মিজানুর রহমান, সহদপ্তর সম্পাদক সাফিউল ইসলাম বাবু, যুববিষয়ক সম্পাদক ওছমান গনি, ক্রীড়াবিষয়ক সম্পাদক শাহান আহম্মেদ, সদস্য রাইসুল ইসলাম, মেহেদী হাসান, মাফিজুল ইসলাম রঞ্জু এবং স্বেচ্ছাসেবী ফেরদৌস ও হালিম প্রমুখ।

নিসচার নেতারা বলেন, আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জনদুর্ভোগ কমাতে গুজিয়া বন্দরের ক্ষতিগ্রস্ত সড়কটি স্বেচ্ছাশ্রমে সংস্কার করা হয়েছে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।