দিনাজপুরের বীরগঞ্জে নবম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

দিনাজপুরের বীরগঞ্জে স্নেহা রানী দাস (১৪) নামে নবম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকার নিজ বাসার দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
স্নেহা রানী দাস বীরগঞ্জের কবি নজরুল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। তার বাড়ি বীরগঞ্জ পৌরসভার নতুনপাড়া এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নাশতা খেয়ে স্নেহা নিজের কক্ষে প্রবেশ করে। দীর্ঘক্ষণ তার কোনো সাড়াশব্দ না পেয়ে দুপুরের দিকে পরিবারের সদস্যরা কক্ষের দরজায় ডাকাডাকি করেন। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তারা সাবল দিয়ে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করেন।
এ সময় স্নেহাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যদের সহায়তায় মরদেহ উদ্ধার করে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা (ইউডি) করা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।






























