ময়মনসিংহে শিশুবান্ধব সরকারি শিশু সদন : সমাজকল্যাণ মন্ত্রী জাহিদ

সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার এ.জেড.এম.জাহিদ হোসেন বলেছেন, এতিম, পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষা এবং মানবিক উন্নয়নে সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে।

শুক্রবার দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত সরকারি শিশু সদন -বালক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।মন্ত্রী জাহিদ জানান,সরকারি শিশু সদনগুলোকে আধুনিক ও শিশুবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।একই সঙ্গে দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের জীবনমান উন্নয়নে বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

পরিদর্শনকালে তিনি আবাসন ব্যবস্থা,খাদ্যের মান, শিক্ষা,চিকিৎসাসেবা, খেলাধুলা ও বিনোদনের সুযোগ-সুবিধা সম্পর্কে খোঁজখবর নেন।এ সময় শিশুদের প্রতি আরও আন্তরিক ও দায়িত্বশীল হওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা দেন তিনি।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।তাদের শিক্ষা,স্বাস্থ্য ও মানসিক বিকাশের সুযোগ সম্প্রসারণে সমাজকল্যাণ মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।পরিদর্শনকালে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর এবং সরকারি শিশু সদনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।