দেশজুড়ে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন

খাগড়াছড়ির প্রবীণ সাংবাদিক জিতন বড়ুয়ার নিঃশর্ত মুক্তি এবং দেশজুড়ে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে রাঙ্গামাটিতে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রাঙ্গামাটিতে কর্মরত সাংবাদিকরা সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধনটি করেন।

মানববন্ধনে সাংবাদিক নেতারা খাগড়াছড়ির সাংবাদিক জিতন বড়ুয়াকে অবিলম্বে মুক্তি দিতে এবং দেশজুড়ে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনের পর সাংবাদিক নেতারা সাংবাদিকদের হয়রানি, নির্যাতন ও নিরাপত্তার দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি জমা দেন। পরে তাঁরা স্মারকলিপির একটি অনুলিপি জেলা পুলিশ সুপারের কাছেও জমা দেন।

রাঙ্গামাটিতে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বিবিসি টেলিভিশনের রাঙ্গামাটি জেলা প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরী, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রাঙ্গামাটি জেলা প্রতিনিধি হিমেল চাকমা, স্টার নিউজ টেলিভিশনের রাঙ্গামাটি জেলা প্রতিনিধি মিশু মল্লিক, আই চ্যানেলের রাঙ্গামাটি জেলা প্রতিনিধি মনসুর আহমেদ, বাংলাভিশনের জেলা প্রতিনিধি নন্দন দেবনাথসহ আরও অনেকে।