খুলনায় ফজরের নামাজ শেষে মসজিদে ঢুকে গুলিবর্ষণ, আহত ২

খুলনা নগরীর দৌলতপুর এলাকায় ফজরের নামাজ শেষে একটি মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিবর্ষণে দুই মুসল্লি গুরুতর আহত হয়েছেন। রোববার (১৪ জুন) ভোর সাড়ে পাঁচটার দিকে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির জামে মসজিদে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন লোকমান ও আলম। তাঁদের মধ্যে লোকমানের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অপর আহত আলম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ শেষে মুসল্লিরা যখন মসজিদের ভেতরে অবস্থান করছিলেন, তখন হঠাৎ একদল সশস্ত্র ব্যক্তি ভেতরে প্রবেশ করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই লোকমান ও আলম গুলিবিদ্ধ হয়ে পড়েন। লোকমান নামাজ শেষে কোরআন তেলাওয়াত করছিলেন বলে জানা গেছে।
ঘটনার পরপরই স্থানীয় মুসল্লিরা আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে লোকমানের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় পাঠানো হয়।
দৌলতপুর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, নামাজ শেষে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে মসজিদের ভেতরে ঢুকে গুলি চালায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পবিত্র উপাসনালয়ে এমন হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।





























