‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ

“২৫ জিবি প্রিমিয়াম ডেটা একদম ফ্রি”, “সব মোবাইল সিম ব্যবহারকারীদের জন্য বিশেষ অফার”, “কোনো চার্জ নেই”, “এখনই ক্লিক করুন”—এ ধরনের আকর্ষণীয় প্রচারণা দেখিয়ে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার নতুন কৌশল নিয়েছে একটি প্রতারক চক্র। সামাজিক যোগাযোগমাধ্যম বিশেষ করে ফেসবুকে ভুয়া লিংক ও বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মাধ্যমে তারা গ্রাহকদের ফাঁদে ফেলছে বলে অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে জানা গেছে, প্রতারকরা বিভিন্ন মোবাইল অপারেটরের নাম ব্যবহার করে দাবি করছে যে গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেল গ্রাহকদের জন্য ২৫ জিবি ফ্রি ইন্টারনেট ডেটা দেওয়া হচ্ছে। অফারটি পেতে একটি নির্দিষ্ট লিংকে প্রবেশ করে কয়েকটি প্রশ্নের উত্তর দিতে বলা হয়। পরে গ্রাহকের মোবাইল নম্বর চাওয়া হয় এবং একটি ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) প্রদান করতে বলা হয়।
তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্টদের মতে, ওটিপি প্রদান করার মাধ্যমে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য, মোবাইল অ্যাকাউন্ট এবং বিভিন্ন ডিজিটাল সেবার নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ে। প্রতারকরা ওই তথ্য ব্যবহার করে মোবাইল ব্যাংকিং, অনলাইন অ্যাকাউন্ট বা অন্যান্য আর্থিক সেবায় অনুপ্রবেশের চেষ্টা করতে পারে।
যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার কয়েকজন সচেতন নাগরিক জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের ভুয়া অফারের প্রচারণা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। অনেকেই লোভনীয় অফারের প্রলোভনে পড়ে নিজেদের মোবাইল নম্বর ও ওটিপি শেয়ার করছেন, যা পরবর্তীতে বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হতে পারে।
স্থানীয় এক শিক্ষক বলেন, “ফ্রি ইন্টারনেট বা উপহারের নামে যেসব লিংক ছড়ানো হচ্ছে, সেগুলোর অধিকাংশই প্রতারণামূলক। মানুষকে আরও সচেতন হতে হবে। বিশেষ করে কোনো অবস্থাতেই ওটিপি অন্যের কাছে দেওয়া যাবে না।”
রাজগঞ্জের সোহরাব হোসেন নামের একজন অভিভাবক বলেন, “অনেক তরুণ-তরুণী ও শিক্ষার্থী না বুঝে এসব অফারে ক্লিক করছে। পরিবার থেকেই তাদের সচেতন করা প্রয়োজন।”
তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, কোনো মোবাইল অপারেটর কখনোই ফ্রি ডেটা দেওয়ার জন্য ব্যক্তিগত ওটিপি চায় না। তাই এ ধরনের অফার দেখলে প্রথমেই এর সত্যতা যাচাই করা উচিত। সন্দেহজনক কোনো লিংকে প্রবেশ না করা এবং ওটিপি, পিন নম্বর বা ব্যক্তিগত তথ্য কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দিয়েছেন তারা।
রাজগঞ্জের সচেতন মহল মনে করছে, প্রতারণার এ নতুন কৌশল রোধে আইনশৃঙ্খলা বাহিনী, মোবাইল অপারেটর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে ডিজিটাল নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানো এখন সময়ের দাবি।