রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় নারীর মরদেহ উদ্ধার

রাঙ্গামাটি শহরের রিজার্ভ মুখ এলাকার সমাজসেবা কার্যালয়ের পাশের কাপ্তাই হ্রদ থেকে নিখোঁজ এক মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

রোববার (২১ জুন) সকালে স্থানীয়দের দেয়া খবরে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করা হয়। নিহত নারীর নাম মুক্ত বড়ুয়া (২৮)। তিনি রাঙ্গামাটি শহরের বিজিবি রোড এলাকার বাসিন্দা এবং তার স্বামীর নাম অভিজিৎ বড়ুয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে এলাকার শিশু আবদুল্লাহ হ্রদের পানিতে লুঙ্গি পরিহিত অবস্থায় উপুড় হয়ে ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে আশপাশের লোকজনকে বিষয়টি জানায়। পরে স্থানীয়রা পুলিশকে অবহিত করলে রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

রাঙ্গামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. গিয়াস উদ্দিন বলেন, ‘খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয় এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন জানান, নিহত মুক্ত বড়ুয়ার স্বামী এর আগে তার নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। প্রাথমিকভাবে পরিবারের পক্ষ থেকে জানা গেছে, তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। রবিবার সকালে রিজার্ভ মুখ এলাকা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।