ময়মনসিংহে ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশব্যাপী ০৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।

রবিবার (২৮ জুন) এরই ধারাবাহিকতায় শিশুদের পুষ্টি নিশ্চিতকরণ এবং ভিটামিন ‘এ’-এর ঘাটতি জনিত ঝুঁকি কমানোর লক্ষ্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগর ভবনে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন।

এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আজ মজিদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ সহ সংশ্লিষ্ট কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, সাধারণ জনগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রশাসক বলেন, আজকে দেশব্যাপী জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন হচ্ছে। তারই অংশ হিসেবে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় ০৬ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

ভিটামিন ‘এ’ প্লাস শরীরে থাকে না, বাইরে থেকে এবং খাবারের মাধ্যমে গ্রহণ করা হয়। বাংলাদেশে সময়মতো টিকা না দেওয়ার কারণে হামের মতো জটিল রোগের প্রাদুর্ভাব দেখে দিয়েছে।

ময়মনসিংহে দিনব্যাপী ২৩৮টি কেন্দ্রে এ কার্যক্রম চলমান রয়েছে। মাসকান্দা বাসস্ট্যান্ড, রেল স্টেশনসহ যেসব অনগ্রসর ও পিছিয়ে পড়া এলাকা রয়েছে, সেসব এলাকার একটা শিশুও যেন বাদ না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।

এ সময় সকলে যাতে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ান, এ আহ্বান জানান তিনি।স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ভিটামিন ‘এ’ ক্যাপসুল গ্রহণ শিশুর সুস্থ বিকাশ নিশ্চিত করতে এবং অপুষ্টি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই অভিভাবকদের এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, ভিটামিন ‘এ’ ক্যাপসুল শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, দৃষ্টিশক্তি সুরক্ষা এবং অপুষ্টিজনিত নানা জটিলতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো শিশু যেন এই কর্মসূচির আওতার বাইরে না থাকে।

তিনি অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে গিয়ে ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।