খাদ্যের সন্ধানে যশোরের রাজগঞ্জে একসাথে ১৫টি হনুমান!

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলের কাউন্সিল এলাকায় খাদ্যের সন্ধানে প্রায় ১৫টি হনুমানের একটি দল ঘুরে বেড়াতে দেখা গেছে।
বৃহস্পতিবার (০৯ জুলাই ২০২৬) বিকেলে হনুমানগুলো এলাকার বিভিন্ন সড়ক, গাছপালা ও বসতবাড়িতে বিচরণ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, হনুমানগুলোর স্থায়ী আবাস যশোরের কেশবপুর উপজেলায়। সেখান থেকে খাদ্যের অভাবে তারা রাজগঞ্জ অঞ্চলে চলে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হনুমানগুলো বিভিন্ন বাড়ির ছাদ, গাছ ও রান্নাঘরে উঠে খাবারের সন্ধান করছে। এ সময় তারা ঘরে রাখা ফলমূল, রান্না করা খাবারসহ বিভিন্ন খাদ্যসামগ্রী খেয়ে এবং নষ্ট করে ফেলছে। এতে বাসিন্দারা একদিকে যেমন ক্ষতির সম্মুখীন হচ্ছেন, অন্যদিকে শিশু ও নারীদের মধ্যে আতঙ্কও দেখা দিয়েছে।
এলাকাবাসীর দাবি, বন্যপ্রাণী হওয়ায় হনুমানগুলোর কোনো ক্ষতি না করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিরাপদে তাদের আবাসস্থলে ফিরিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। একই সঙ্গে খাদ্যের সংকটে যাতে তারা লোকালয়ে প্রবেশ না করে, সে বিষয়েও কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।






























