ডুমুরিয়ার রহমানিয়া কওমী মাদ্রাসায় অভিভাবক মতবিনিময় সভা, শতাধিক আমগাছের চারা বিতরণ

খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা এলাকার আঠারমাইল বাজারে অবস্থিত রহমানিয়া কওমী মাদ্রাসা ও হেফজখানায় অভিভাবকদের অংশগ্রহণে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা, নৈতিক বিকাশ, আধুনিক ও মানসম্মত পাঠদান নিশ্চিতকরণ এবং মাদ্রাসার সার্বিক উন্নয়নকে সামনে রেখে শনিবার (১১ জুলাই) দুপুর ১২টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।
মাদ্রাসার পরিচালক ও দুবাই প্রবাসী শাহীদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় শিক্ষার্থীদের আদর্শ মানুষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার মোহতামীম মাওলানা মফিজুল ইসলাম, মাওলানা আসাদুজ্জামান, হাফেজ মারুফ হোসেন, মাস্টার সোলাইমান হোসেন, আলেমা মুর্শিদা বেগম, আলেমা নুরজাহান বেগম, আলেমা সালমা বেগম এবং কামরুর নাহার রেশমা।
বক্তারা বলেন, একটি শিশুর সঠিক শিক্ষা ও চরিত্র গঠনে শিক্ষক ও অভিভাবকের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত পাঠদানে অংশগ্রহণ, নৈতিক মূল্যবোধের চর্চা, শৃঙ্খলা এবং ইসলামী আদর্শে শিক্ষার্থীদের গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন হাইদুল ইসলাম মোড়ল, মফিজুল ইসলাম মোড়ল এবং সরদার শহিদুল ইসলাম। তারা মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের প্রশংসা করে শিক্ষার্থীদের কল্যাণে ভবিষ্যতেও এমন মতবিনিময় সভার আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
সভা শেষে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে মাদ্রাসার উদ্যোগে উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে শতাধিক ফলজ আমগাছের চারা বিতরণ করা হয়। আয়োজকদের এই ব্যতিক্রমী উদ্যোগকে উপস্থিত সবাই সাধুবাদ জানান।
অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।





























