পাহাড়ি ঢলে ধসে পড়েছে সেতু, রাঙামাটি-বান্দরবান সড়ক বন্ধ

টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তীব্র স্রোতে রাঙামাটি-বান্দরবান সড়কের গুরুত্বপূর্ণ ব্রিজঘাট সেতু ধসে পড়েছে। একই সঙ্গে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস-দুধপুকুরিয়া এলাকার রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় আশপাশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে শনিবার (১১ জুলাই) সকাল থেকে রাঙামাটি-বান্দরবান সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

রাঙ্গুনিয়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) দেবব্রত দাশ বলেন, ‘প্রবল পানির স্রোতে গতকাল রাত ৪টার দিকে সেতুটি ভেঙে পড়ে। এসময় সেতুতে যান চলাচল ছিল না। সেতুটি সড়ক ও জনপথ বিভাগের। তাদের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে জানিয়েছি।’

বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, ‘রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে যাওয়ার ফলে পানির তীব্র স্রোতে ব্রিজঘাট সেতুটি ক্ষতিগ্রস্ত হয়ে ধসে পড়েছে। যোগাযোগ পুনঃস্থাপনের জন্য সওজের একটি টিম প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ প্রস্তুত রয়েছে। তবে বালাঘাটা ও স্বর্ণমন্দির এলাকায় সড়কের ওপর এখনো পানি থাকায় সেখানে পৌঁছানো সম্ভব হচ্ছে না।’

তিনি জানান, পানি কমে গেলে দ্রুত ক্ষয়ক্ষতি নিরূপণ করে যোগাযোগ পুনঃস্থাপনের কাজ শুরু করা হবে।