দাবি লালন-পালনের জন্য দেওয়া হয়েছে

ঝালকাঠির কাঠালিয়ায় ৯ মাস বয়সী শিশুকে বিক্রির অভিযোগ

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামে ৯ মাস বয়সী এক শিশুকে টাকার বিনিময়ে বিক্রির অভিযোগ উঠেছে তার বাবা সোহাগ হাওলাদার ও মা আলো বেগমের বিরুদ্ধে। এ অভিযোগ করেছেন শিশুটির ফুপু পারভিন বেগম।

পারভিন বেগমের অভিযোগ, গত ২ সেপ্টেম্বর বুধবার রাতে শিশুটিকে পিরোজপুর জেলার চরখালী এলাকার লিপি বেগম নামে এক নারীর কাছে টাকার বিনিময়ে দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, শিশুটিকে বিক্রি না করে লালন-পালনের দায়িত্ব তাদের পরিবারের কাছে দেওয়া যেত।

পারভিন বেগম বলেন, “বাচ্চাটিকে লালন-পালনে তাদের সমস্যা হলে আমাদের কাছে দিত। আমরা তার দায়িত্ব নিতাম। দূরের একজনের কাছে কেন দেওয়া হলো এটাই আমাদের প্রশ্ন।”

তবে শিশুটির বাবা সোহাগ হাওলাদার বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “আমরা সন্তান বিক্রি করিনি। আমার স্ত্রী অসুস্থ, তাই শিশুটিকে লালন-পালন করতে সমস্যা হচ্ছে। লিপি আমার সম্পর্কের বোন। তার কোনো সন্তান নেই। তাই শিশুটিকে তার কাছে লালন-পালনের জন্য দিয়েছি।”

এ ঘটনায় শিশুটিকে কেন এবং কীভাবে অন্যের কাছে দেওয়া হয়েছে, তা নিয়ে এলাকায় আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই এবং শিশুটির নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।