ঝালকাঠির কাঠালিয়ায় ছোট ভাই হত্যা মামলার প্রধান আসামি, বড় ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঝালকাঠির কাঠালিয়ায় ছোট ভাইকে হত্যার মামলার প্রধান আসামি বড় ভাই মো. নুরুল ইসলাম নুরু হাওলাদার (৫৫) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার ১নং চেঁচরীরামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ মহিষকান্দি গ্রামে একটি আমগাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নুরু হাওলাদার ওই গ্রামের মৃত মমিন উদ্দিন হাওলাদারের বড় ছেলে। তাঁর বসতবাড়ির দক্ষিণ পাশে মামা সোহরাব মিয়ার ঘরের কাছে একটি আমগাছে মরদেহটি ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৪ নভেম্বর ভোর ৫টার দিকে জমিজমা নিয়ে বিরোধের জেরে নুরু হাওলাদারের ছোট ভাই বেল্লাল হাওলাদার (৩৫) কুপিয়ে হত্যার শিকার হন। ওই হত্যা মামলার প্রধান আসামি ছিলেন নুরু হাওলাদার। ঘটনার পর পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে তিনি হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন বলে জানা গেছে।

স্থানীয়দের মধ্যে গুঞ্জন রয়েছে, ছোট ভাইকে হত্যার ঘটনার অনুশোচনা থেকে নুরু হাওলাদার আত্মহত্যা করে থাকতে পারেন। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

নিহতের মামা সোহরাব মিয়া জানান, শনিবার বেলা ১১টার দিকে মাদ্রাসার শিক্ষার্থীরা নুরু হাওলাদারকে আমগাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তাদের শিক্ষককে জানায়। পরে শিক্ষক স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হন এবং স্থানীয় ইউপি সদস্য মান্নান হাওলাদারকে অবহিত করেন।

খবর পেয়ে দুপুর ২টার দিকে কাঠালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নুরু হাওলাদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান জানান, ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধারে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহ থানায় আনার পর ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।