ঝালকাঠির কাঠালিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযান, তিনজন আটক

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে। এর মধ্যে এসআই জসিম উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৩৯ পোটলা গাঁজাসহ একজনকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে কাঠালিয়া উপজেলার পশ্চিম চেঁচরী গ্রামে এসআই জসিম উদ্দিনের নেতৃত্বে একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এএসআই আলতাফ হোসেনসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা অংশ নেন।
অভিযানকালে পশ্চিম চেঁচরী গ্রামের মৃত সুলতান মোল্লার ছেলে মতিউর রহমান মোল্লাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৯ পোটলা গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অপরদিকে একই সময়ে উপজেলার পশ্চিম আউড়া গ্রামে এসআই মোহনের নেতৃত্বে পুলিশের আরেকটি চৌকস দল পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে অন্তর হাওলাদার ও মো. জাহিদুল ইসলাম নামে দুইজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, আটক অন্তর হাওলাদার পশ্চিম আউড়া গ্রামের হুমায়ুন হাওলাদারের ছেলে এবং মো. জাহিদুল ইসলাম রবের ছেলে। তাদের কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাছের রায়হান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।




















