ঝালকাঠির কাঠালিয়ায় পাথরবোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজের পাটাতন ধস, যান চলাচল বন্ধ

ঝালকাঠির কাঠালিয়ায় পাথরবোঝাই একটি ভারী ট্রাক ওঠার পর একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে ট্রাকটি খাদে পড়ে যায় এবং কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে ভোগান্তিতে পড়েছেন ওই সড়কে চলাচলকারী সাধারণ মানুষ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পাথরবোঝাই একটি ভারী ট্রাক জরাজীর্ণ বেইলি ব্রিজটির ওপর উঠলে অতিরিক্ত ভারে ব্রিজের পাটাতন ধসে যায়। এ সময় ট্রাকটি ব্রিজের অংশ ভেঙে নিচে পড়ে যায়। এতে ব্রিজের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়ে সড়কটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
ব্রিজটি ধসে পড়ায় কাঠালিয়া-কৈখালী সড়কে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবী ও সাধারণ পথচারীসহ এ পথে চলাচলকারী হাজারো মানুষ দুর্ভোগে পড়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, ব্রিজটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। ভারী যানবাহন চলাচলের কারণে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা ছিল। দুর্ঘটনার পর দ্রুত ট্রাকটি উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত ব্রিজটি জরুরি ভিত্তিতে সংস্কার করে যান চলাচলের উপযোগী করার দাবি জানান তারা।
স্থানীয়দের দাবি, গুরুত্বপূর্ণ এ আঞ্চলিক সড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকলে সাধারণ মানুষের পাশাপাশি পণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্যেও ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ চান তারা।
এদিকে, সড়ক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত ব্রিজটি দ্রুত সংস্কার করে সড়ক যোগাযোগ স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি, ভবিষ্যতে যাতে দ্রুত সময়ের মধ্যে সেখানে একটি নতুন ব্রিজ নির্মাণ করা যায়, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।




















