কিশোরগঞ্জে ৮ মাসে ৮ জনের এইচআইভি পসিটিভ, সবাই পুরুষ

কিশোরগঞ্জে চলতি বছরের প্রথম আট মাসে আটজনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া সবাই পুরুষ এবং তাদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। গত ছয় বছর আট মাসে জেলায় মোট ২৫ জনের শরীরে এইচআইভি শনাক্ত হয়েছে।
প্রান্তিক ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি শনাক্তকরণে কাজ করা বেসরকারি সংস্থা বন্ধু ওয়েল ফেয়ার সোসাইটির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০১০ সাল থেকে ২০২০ সালের আগপর্যন্ত কিশোরগঞ্জে কারও শরীরে এইচআইভি শনাক্ত হয়নি। এরপর গত ছয় বছর আট মাসে অন্তত ১ হাজার ৫০০ জনের নমুনা পরীক্ষা করে ২৫ জনের শরীরে ভাইরাসটি পাওয়া গেছে। তাঁদের বেশির ভাগই যানবাহনের চালক, হকার ও নেশায় আসক্ত ব্যক্তি।
শনাক্ত ২৫ জনের মধ্যে ২২ জন বন্ধু ওয়েল ফেয়ার সোসাইটির ভৈরব কার্যালয়ের আওতাধীন এবং তিনজন কিশোরগঞ্জ কার্যালয়ের আওতাধীন এলাকার বাসিন্দা। চলতি বছরের আটজনের মধ্যে ভৈরব কার্যালয়ের আওতাধীন এলাকায় পাঁচজন এবং কিশোরগঞ্জ কার্যালয়ের আওতাধীন এলাকায় তিনজন শনাক্ত হয়েছেন।
সংস্থাটি জানিয়েছে, শনাক্ত ব্যক্তিদের সরকারি ব্যবস্থাপনায় নির্ধারিত হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ২৫ জনের মধ্যে দুজন চিকিৎসার বাইরে চলে গেছেন। পরে জানা গেছে, তাঁরা প্রবাসে চলে গেছেন। অন্যরা অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি বা এআরটি নিচ্ছেন।
কিশোরগঞ্জের সিভিল সার্জন সাইদুর রহমান ১০ সেপ্টেম্বর দায়িত্ব নেওয়ার পর জেলার এইচআইভি পরিস্থিতি সম্পর্কে বলেন, বিষয়টি উদ্বেগজনক। এ বিষয়ে কর্মসূচি ও পরীক্ষার সংখ্যা বাড়ানো প্রয়োজন। প্রতিকারে করণীয় নিয়ে কেন্দ্রীয় পর্যায়ে দৃষ্টি আকর্ষণ করবেন বলেও জানান তিনি।
বন্ধু ওয়েল ফেয়ার সোসাইটির ভৈরব কার্যালয়ের একজন কর্মকর্তা জানান, আক্রান্ত ব্যক্তিদের রক্ত আদানপ্রদানের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কিশোর কুমার ধর জানান, বন্ধু ওয়েল ফেয়ার সোসাইটির প্রতিবেদনে তিনি স্বাক্ষর করেছেন। ওই প্রতিবেদন থেকেই কিশোরগঞ্জে এইচআইভি শনাক্তের তথ্য জানতে পেরেছেন তিনি। আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকার এবং নিরাপদ জীবনযাপনের পরামর্শ দেন তিনি।
স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় এইডস ও এসটিডি নিয়ন্ত্রণ কর্মসূচির তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বাংলাদেশে ১ হাজার ৮৯১ জন এইচআইভিতে সংক্রমিত হয়েছেন। একই সময়ে এইডসে মারা গেছেন ২১৯ জন।




















