রাষ্ট্রপতির সাথে জবি ভিসির সাক্ষাৎ; ৩০শে জানুয়ারিই জবির ২য় সমাবর্তন

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নির্ধারণ হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় সমাবর্তনের তারিখ। মহামান্য রাষ্ট্রপতি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের পূর্ব প্রদত্ত নির্দেশনা অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি ২০২৭ খ্রিস্টাব্দে জবির এই ঐতিহাসিক দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবর্তনের তারিখ চূড়ান্ত হওয়ার পর বিশ্ববিদ্যালয় জুড়ে আনন্দের আমেজ তৈরি হলেও, এর পেছনে রয়েছে দীর্ঘ হতাশা ও ক্ষোভের ইতিহাস।
খোঁজ নিয়ে জানা যায়, গত দুই দশকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাত্র দুটি সমাবর্তন পেতে যাচ্ছে। একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর দুই দশকে মাত্র দুটি সমাবর্তন হওয়ায় শিক্ষার্থীদের মাঝে দীর্ঘদিন ধরেই তীব্র হতাশা ও ক্ষোভ বিরাজ করে আসছে। গ্র্যাজুয়েশন শেষ করার পর নিয়মিত সমাবর্তন না হওয়ায় নিজেদের অর্জিত ডিগ্রি ও ল্যারেট নিয়ে কাঙ্ক্ষিত স্মৃতির সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন বহু ব্যাচের শিক্ষার্থী।
সমাবর্তন যেকোনো শিক্ষার্থীর জন্যই তার শিক্ষাজীবনের সবচেয়ে বড় প্রাপ্তি ও উৎসব, যা থেকে দীর্ঘদিন জবি শিক্ষার্থীরা বঞ্চিত ছিলেন।
তবে দীর্ঘ বিরতির পর অবশেষে দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষিত হওয়ায় শিক্ষার্থীদের দীর্ঘদিনের আক্ষেপ কিছুটা হলেও লাঘব হতে চলেছে। এখন পুরোদমে সমাবর্তন সফল করে তোলার পালা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, সমাবর্তনকে কেন্দ্র করে বিভিন্ন উপ-কমিটি গঠনসহ আনুষঙ্গিক কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। সফলভাবে এই মহামিলনমেলা সম্পন্ন করতে এবং দীর্ঘদিনের এই আক্ষেপ ঘুচিয়ে সমাবর্তনকে সার্থক করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।
নির্ধারিত তারিখ অনুযায়ী কর্মসূচি সফল করতে খুব শীঘ্রই রেজিস্ট্রেশন প্রক্রিয়া ও বিস্তারিত দিকনির্দেশনা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।






























