রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান

সরকারি উন্নয়ন কাজের টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম এবং নানা অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর জেলা শাখা রাঙামাটির জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে (ডিপিএইচই) অভিযান চালিয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে দুদকের চার সদস্যের একটি দল এই অভিযান পরিচালনা করে। দুদকের সহকারী পরিদর্শক আবু সাদেক নিশ্চিত করেছেন যে, দরপত্র প্রক্রিয়া ও অন্যান্য অনিয়ম সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে ভীষণ পরিচালন করা হয়।

এসময় অভিযানকালে দুদকের উপ সহকারী পরিচালক মামুন, উপ সহকারী পরিচালক ছরওয়ার হোসেন, এস আই সাজিবুল ইসলাম মাসুদ উপস্থিত ছিলেন।

দুদক কর্মকর্তারা জানান, নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া সে সময় সব প্রকল্পের নথিপত্র উপস্থাপন করতে পারেননি। এসময় নির্বাহী প্রকৌশলীকে দ্রুত সময়ের মধ্যে অবশিষ্ট নথিপত্র দুদক কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেয়।

দুদকের কর্মকর্তারা জানান, রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে টেন্ডার কার্যক্রমে নিম্ন দরদাতাকে কাজ না দিয়ে অন্য ঠিকাদারকে কাজ প্রদানের বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগসহ দপ্তরের ওয়াশব্লকসহ সরকারি উন্নয়ন কাজে অনিয়মের বিষয়ে অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে কিছু বিষয়ে সত্যতা পাওয়া গেলেও মাঠ পর্যায়ে নথি পর্যালোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে দুদক।

সরকারি দপ্তরে অনিয়ম ও দুর্নীতি রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান দুদক কর্মকর্তারা।