সিলেটের বিশ্বনাথে শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে সুন্নাতে খৎনা প্রদান

সিলেটের বিশ্বনাথে হাজী আব্দুল গণি সন্স অর্গানাইজেশন ইউকের উদ্যোগে, এলাকার শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে সুন্নাতে খৎনা প্রদান করা হয়েছে। গত ২ অক্টোবর শুক্রবার উপজেলার অলংকারী ইউনিয়নের রামধানা গ্রামে ‘হাজী আব্দুল গণি সন্স এতিমখানা ও হাফিজিয়া মাদরাসা’ প্রাঙ্গণে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা: শামছুল ইসলাম। বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ প্রায় দশ বছর ধরে একটি মহৎ লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে হাজী আব্দুল গণি সন্স অর্গানাইজেশন ইউকে’র মতো সংগঠন মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে যে মানবিকতার দৃষ্ঠান্ত স্থাপন করছেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। একজন মানুষের সবচেয়ে বড় পরিচয় তার সম্পদ কিংবা অবস্থান নয়, মানুষের বিপদের সময় সে কতটা মানুষের পাশে দাঁড়াতে পারে, সেটিই তার সবচেয়ে বড় পরিচয়।
অসহায় মানুষের জন্য ঘর নির্মাণ, শিক্ষা বিস্তারে সহযোগিতা, মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা, মসজিদ নির্মাণসহ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে তাঁরা শুধু একটি প্রতিষ্ঠান গড়ে তুলছেন না; বরং একটি মানবিক, শিক্ষিত ও আলোকিত সমাজ গড়ে তোলার চেষ্টা করছেন। তিনি আরও বলেন, এই সংগঠনটি অরাজনৈতিক, অলাভজনক এবং সম্পূর্ণ জনকল্যাণমূলক একটি সংগঠন।
সংগঠনের দায়বদ্ধতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা রয়েছে। আমি ব্যক্তিগতভাবে এই মহৎ উদ্যোগের সঙ্গে যতটুকু সম্ভব সম্পৃক্ত থাকতে চাই। বিশেষ করে মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা, স্বাস্থ্যবিষয়ক সচেতনতা, ব্লাড গ্রুপ নির্ণয় কিংবা চিকিৎসা সংক্রান্ত কোনো প্রয়োজন হলে আমাকে জানালে আমি আমার সামর্থ্য অনুযায়ী পাশে থাকার চেষ্টা করব, ইনশাআল্লাহ।
সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য হাজী মখলিছ মিয়ার সভাপতিত্বে ও মাদরাসার প্রিন্সিপাল মাওলানা খালেদ আহমদ’র পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা মুসলিম ম্যারেজ রেজিষ্ট্রার কল্যাণ সমিতির সভাপতি কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, এলাকার বিশিষ্ট মুরব্বী মতছির আলী, রামধানা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মো. আবুল কালাম, শিক্ষানুরাগী মো. শামসু মিয়া লালা, লাইসিয়াম স্কুল এন্ড কলেজের সভাপতি মখলিছ আলী, আল হেরা জামেয়া ইসলামিয়া একাডেমির সহকারি প্রধান শিক্ষক মাওলানা শরিফ উদ্দিন।
শুরুতেই স্বাগত বক্তব্য দেন ট্রাস্টের সাধারণ সম্পাদক ও বিশ্বনাথ পৌরসভার সাবেক কাউন্সিলর রাজুক মিয়া রাজ্জাক। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ এনাম আহমদ।
আয়োজকরা জানিয়েছেন, এলাকার অসচ্ছল পরিবারের সুবিধাবঞ্চিত শিশুদের কথা বিবেচনায় নিয়ে এই উদ্যোগ নেয়া হয়েছে। আনুষ্ঠানিকভাবে প্রায় শতাধিক শিশুদের বিনামূল্যে সুন্নতে খৎনা প্রদান করা হয়েছে। সেই সাথে দেয়া হয়েছে প্রয়োজনীয় ঔষধপত্র ও পোষাক। অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনেই পুরো কার্যক্রম সম্পন্ন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী নূরুল ইসলাম, হুসাইন আহমদ, আলী হোসেন, সংগঠক আফরোজ আলী, লিপন আহমদ, নুমান আহমদ, সেলিম আহমদসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






























