সিলেটের বিশ্বনাথে মাদানিয়া মাদরাসার মাহফিল মঙ্গলবার

বরেণ্য আলেম আল্লামা শায়খ আশরাফ আলী বিশ্বনাথী রাহ.’র স্বৃতিজড়িত ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া বিশ্বনাথের ৬৮তম বার্ষিক ইসলামি মহাসম্মেলন আগামীকাল (১০ নভেম্বর, মঙ্গলবার) অনুষ্ঠিত হবে। ইসলামি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আসছেন উপমহাদেশের অন্যমত আলেম সায়্যিদ হুসাইন আহমদ মাদানী রাহ.’র দৌহিত্র, ভারতের প্রখ্যাত আলেম ও উত্তরাখন্ড রাজ্য সরকারের সাবেক মন্ত্রী আল্লামা সায়্যিদ মাসউদ আসআদ মাদানী।

প্রধান আলোচক হিসেবে আসছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সাবেক গণশিক্ষা ও গ্রন্থাগার মন্ত্রী, পশ্চিমবঙ্গ ক্বওমী মাদরাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে আগমন করবেন বিশিষ্ট আলেম শায়খুল হাদীস আল্লামা নূরুল ইসলাম খান সুনামগঞ্জী, শায়খুল হাদীস আল্লামা ফজলুর রহমান খান বানিয়াচঙ্গী, মাওলানা মুসআব মাদানী ভারত, নন্দিত মুফাসসিরে কোরআন মুফতি মুজিবুর রহমান চাঁদপুর, ডক্টর মাওলানা শোয়াইব আহমদ লণ্ডন, মাওলানা তাফহিমুল হক হবিগঞ্জী, মুফতি আশিকে এলাহী নোয়াখালী, মুফতি মিজানুর রহমান কাসেমী চট্রগ্রাম, মুফতি মুজির উদ্দীন ক্বাসিমীসহ উলামায়ে কেরাম।

জামিয়ার বালিকা শাখা- জামিয়া মাদানিয়া ক্বাওমিয়া মহিলা মাদরাসায় সকাল ১০টা থেকে যোহর পর্যন্ত মহিলাদের উদ্দেশ্যে নসিহত পেশ করবেন শায়খুল হাদীস আল্লামা ফজলুর রহমান খান বানিয়াচঙ্গীসহ উলামায়ে কেরাম। বাদ যোহর থেকে মধ্য রাত পর্যন্ত জামিয়া মাদানিয়া ময়দানে মাহফিলের বিভিন্ন অধিবেশনে আমন্ত্রিত দেশী ও বিদেশী মেহমানবৃন্দ বয়ান করবেন।

উক্ত মোবারক মাহফিলে বিশ্বনাথীবাসি সহ সর্বস্তরের মুসলমানদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন জামিয়ার প্রিন্সিপাল মাওলানা শিব্বীর আহমদ বিশ্বনাথী।