নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের মামলায় ইউপি উদ্যোক্তাকে আসামি করার অভিযোগ, তীব্র প্রতিবাদ

কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলকে কেন্দ্র করে দায়ের করা মামলায় কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মু. জসীম উদ্দিনকে ২০ নম্বর আসামি করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন স্থানীয়রা।
মু. জসীম উদ্দিনের দাবি, মামলায় বর্ণিত অপরাধের সঙ্গে তাঁর কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তিনি কখনো কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মী ছিলেন না। এমনকি সংশ্লিষ্ট মিছিলেও তাঁর উপস্থিতি ছিল না। রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও তাঁকে মামলার আসামি করায় তিনি ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন।
তিনি বলেন, “আমার দৃষ্টিগোচর হয়েছে, নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলকে কেন্দ্র করে দায়ের করা মামলায় আমাকে ২০ নম্বর আসামি করা হয়েছে। অথচ মামলায় বর্ণিত অপরাধের সঙ্গে আমি কখনো জড়িত ছিলাম না। আমি কখনো কোনো রাজনৈতিক দলের নেতা বা কর্মী ছিলাম না। সংশ্লিষ্ট মিছিলেও আমার উপস্থিতি ছিল না। তারপরও কী কারণে আমাকে এ মামলায় আসামি করা হয়েছে, তা আমার বোধগম্য নয়।”
তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসা, ব্যক্তিগত আক্রোশ কিংবা কারও ইন্ধনে একজন নিরীহ মানুষকে মিথ্যা মামলায় জড়ানো অত্যন্ত দুঃখজনক। এ ধরনের ঘটনা একজন সাধারণ নাগরিকের সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত জীবনে নেতিবাচক প্রভাব ফেলে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। তাঁদের অভিযোগ, কোনো রাজনৈতিক সম্পৃক্ততা কিংবা মিছিলে উপস্থিতির প্রমাণ না থাকা সত্ত্বেও একজন নির্দলীয় ব্যক্তিকে মামলায় আসামি করা হয়েছে। তাঁরা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
মু. জসীম উদ্দিন সংশ্লিষ্ট প্রশাসন ও তদন্তকারী কর্মকর্তাদের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তদন্তে তাঁর বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া না গেলে তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার জোর দাবি জানিয়েছেন।
তিনি বলেন, “আমি আশা করি, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হবে। মামলায় আমার কোনো সম্পৃক্ততা না থাকলে আমাকে অব্যাহতি দেওয়া হবে। আমি ন্যায়বিচার প্রত্যাশা করছি।”
প্রতিবাদকারীরা বলেন, ক্ষমতা কিংবা রাজনৈতিক প্রভাবের অপব্যবহার করে কোনো নিরপরাধ মানুষকে হয়রানি করা গ্রহণযোগ্য নয়। আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার পাশাপাশি নির্দোষ মানুষের হয়রানি বন্ধ করতে হবে।



















