আওয়ামী লীগ এখন টুঙ্গিপাড়া লিমিটেড
গোপালগঞ্জে প্রয়োজনে বল প্রয়োগ করবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িতদের ভিডিও ফুটেজ, অডিও ও ছবি দেখে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি মোকাবিলায় ধৈর্য ধরছে, যাতে কোনো নিরীহ মানুষ গুলিতে নিহত না হন। তবে আত্মরক্ষার প্রয়োজনে বাহিনী প্রয়োজনীয় বল প্রয়োগ করবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সপ্তম দিনের সভায় কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধিতে আনা প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে গোপালগঞ্জের পরিস্থিতি সম্পর্কে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ ও তাদের সমর্থকেরা টুঙ্গিপাড়ায় থানায় হামলা, একজন সংসদ সদস্যের বাড়ি এবং বিএনপি ও অঙ্গসংগঠনের সমর্থকদের দোকানপাটে হামলা করেছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, আজকে কথিত ফ্যাসিবাদী শক্তি, মাফিয়া শক্তি, তথাকথিত আওয়ামী লীগ টুঙ্গিপাড়া লিমিটেড হয়ে গেছে। তারা ওইখানে গিয়ে কেবল থানায় হামলা করতে পারে এবং আমাদের একজন সংসদ সদস্যের বাড়িতে হামলা করেছে। আমাদের সমর্থক যারা বিএনপি ও অঙ্গসংগঠনের, তাদের দোকানপাটে হামলা করেছে।
তিনি অভিযোগ করে বলেন, সীমান্তের ওপার থেকে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তা দিয়ে গ্রামে গ্রামে আগুন লাগানোর নির্দেশ দিচ্ছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা চাচ্ছে, আমরা যেন তাদের কায়দায় রাজপথে গুলি করে মানুষ হত্যা করি। তারা চাচ্ছে, মিছিলে সাধারণ মানুষ আসলে আমরা যেন আওয়ামী কায়দায় গুলি করি। কিন্তু আমরা একটি গণতান্ত্রিক সরকার। জনগণ এই দেশে রাজপথে আন্দোলনকারীদের হত্যা করা দেখতে চায় না।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা তুলে ধরে তিনি বলেন, সরকার নির্দোষ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিছুটা সময় লাগলেও কোনও নিরীহ মানুষ যেন গুলিতে মারা না যান, সেটি নিশ্চিত করতে চায় সরকার।
তিনি বলেন, আমরা একটা প্রেজেন্স অব ইনোসেন্সের নীতিতে বিশ্বাস করি। প্রয়োজনে ১০ জন অপরাধীর প্রতি আমরা কিছুদিন ধৈর্য পোষণ করব, কিন্তু একজন নিরীহ লোকও যাতে গুলিতে মারা না যায়, আমরা যেন কোনো অবস্থাতেই তাদের মতো কোনো মিছিল-মিটিংয়ে গুলি না করি।
তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আত্মরক্ষার প্রয়োজনে এবং পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় বল প্রয়োগ করবে জানিয়ে তিনি বলেন, অতিরিক্ত বল প্রয়োগ করা হবে না। সরকার এখন পর্যন্ত ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলা করছে।






























