প্রধানমন্ত্রীর জন্মদিনে শিবগঞ্জ ও মোকামতলায় দোয়া ও ৬২ হাজার নিমগাছের চারা ও মগ বিতরণ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে।
এ উপলক্ষে দুই উপজেলার শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ৬২ হাজার নিমগাছের চারা ও বিশুদ্ধ পানি পান করার মগ বিতরণের উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি ঐতিহাসিক মহাস্থানগড় মাজার জামে মসজিদে প্রায় ১৫ হাজার মুসল্লির অংশগ্রহণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির উদ্যোগে শুক্রবার (২০ নভেম্বর) এসব কর্মসূচি পালিত হয়।
সকাল ১০টায় মোকামতলা হাইস্কুল মাঠে এবং বেলা ১১টায় শিবগঞ্জ হাইস্কুল মাঠে শিক্ষার্থীদের হাতে নিমগাছের চারা ও মগ তুলে দেওয়া হয়।
প্রাথমিকভাবে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীর মধ্যে এসব উপহার বিতরণ করা হয়েছে। আগামী রবিবারের মধ্যে বাকি ৫৭ হাজার চারা ও মগ দুই উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হবে বলে জানানো হয়।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শুধু বগুড়ার কৃতী সন্তান নন, তিনি বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তাঁর জন্মদিনে শিক্ষার্থীদের হাতে একটি করে বৃক্ষ ও বিশুদ্ধ পানি পান করার মগ তুলে দেওয়া হয়েছে। সবাইকে গাছের যত্ন নেওয়া, পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্ন সমাজ গঠনে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
আওয়ামী লীগের কর্মকাণ্ড প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন। সহিংসতার মাধ্যমে তারা আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করছে। দেশের মানুষ শান্তি ও উন্নয়ন চায়। কোনো পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে পুনরুত্থান হতে দেওয়া হবে না। সহিংসতা ও নাশকতায় জড়িতদের বিরুদ্ধে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তিনি আরও বলেন, মোকামতলাসহ নতুন তিনটি পৌরসভাকে ডিজিটাল মাস্টারপ্ল্যানের মাধ্যমে মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে। আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান মোকামতলা হাইস্কুল মাঠে এসে মোকামতলা উপজেলা, থানা ও পৌরসভার উদ্বোধন করবেন। একই সফরে মোকামতলা-কালাই-জয়পুরহাট ও হিলি ছয় লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করবেন।
এদিকে, জুমার নামাজ শেষে ঐতিহাসিক মহাস্থানগড় মাজার জামে মসজিদে অনুষ্ঠিত বিশেষ দোয়া ও মোনাজাতে প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ প্রায় ১৫ হাজার মুসল্লি অংশ নেন। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়।
কর্মসূচিসমূহে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান, শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, শিবগঞ্জ পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হোসেন তৌফিক, সদস্যসচিব রোকন-উদ-দ্দৌলা রুবেল, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যক্ষ শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক আসাদুজ্জামান মন্টুসহ শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।





















