কক্সবাজারের মরিচ্যা বাজারে এসআরবি-১৫ অভিযানে অটোরিকশা, ইয়াবা সহ গ্রেপ্তার ৩

কক্সবাজারের রামু উপজেলার মরিচ্যা বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা ও একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।
রোববার (২২ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে দক্ষিণ খুনিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বাজার এলাকার পান বাজার সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
এসআরবি-১৫-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসআরবি-১৫, সিপিএসসি-এর একটি আভিযানিক দল রামু থানা এলাকায় টহল দিচ্ছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মরিচ্যা বাজারের পান বাজার সড়কে কয়েকজন মাদক কারবারি ইয়াবা কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে।
পরে তাৎক্ষণিকভাবে ওই সড়কে চেকপোস্ট স্থাপন করে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা ও একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাতাবাড়ী এলাকার আমিনুল হক (২৬), পশ্চিম মরিচ্যা এলাকার এহসানুল করিম (২৬) এবং একই ইউনিয়নের পাতাবাড়ী এলাকার রশিদ আহমদ (৩৪)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে অবৈধ পথে ইয়াবা এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন যানবাহনের মাধ্যমে পরিবহন ও কেনাবেচার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের এবং উদ্ধার করা আলামত বিধি মোতাবেক জব্দ করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি-১৫-এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।






















