প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে খুশি দুর্গাপুরের সুধিনী মান্দা

নেত্রকোনার দুর্গাপুরে গৃহহীন আদিবাসী নারী সুধিনী মান্দাকে ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী। দীর্ঘদিনের কষ্টের পর মাথা গোঁজার ঠাঁই পেয়ে তার মুখে ফুটেছে স্বস্তি ও আনন্দের হাসি।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে পৌর শহরে পরাভিটা এলাকায় উন্নয়ন কর্মসূচির আওতায় প্রধানমন্ত্রীর উপহারের ঘরটি সুধিনী মান্দার কাছে হস্তান্তর করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

ঘর পেয়ে খুশি সুধিনী মান্দা। তিনি বলেন, আমি আজ অনেক খুশি, আমার অনেক আনন্দ। আমার নিজের কোনো ঘর ছিল না। অনেক কষ্টে দিন কাটিয়েছি। আমি দিন আনি দিন খাই। নিজের সামর্থ্য না থাকায় একটি ঘর তৈরি করতে পারিনি। আজ মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ঘর দিয়েছেন। এতে আমি অনেক খুশি ও আমার অনেক আনন্দ। ওনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এ সময় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত বর্তমান সরকার মানুষের জীবনমানের উন্নয়নে কাজ করছে। এ অঞ্চলে গারো, হাজংসহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের বসবাস। তারা তুলনামূলকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠী। সুধিনী মান্দার কোনো ঘর ছিল না। আমরা চেষ্টা করছি, প্রকৃত অর্থে যারা গৃহহীন তাদের জন্য ঘরের ব্যবস্থা করতে।

তিনি আরও বলেন, এ এলাকার পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি বাংলাদেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জন্য একটি বিশেষ প্রকল্প গ্রহণ করেছিলেন। সেই প্রকল্পের অংশ হিসেবে দুর্গাপুর ও কলমাকান্দায় গৃহহীনদের ঘর দেওয়া হচ্ছে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত, সহকারী কমিশনার (ভ‚মি) মিজানুর রহমান, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মাস্টারসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।