গণভোটের রায় মেনে নিলে জাতীয় ঐক্য তৈরি হবে: গোলাম পরওয়ার

গণভোটের রায় মেনে নিলেই ফ্যাসিস্টবিরোধী শ্রমিকজনতার ইস্পাতকঠিন জাতীয় ঐক্য তৈরি হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (২৭ নভেম্বর) চট্টগ্রাম বন্দর শহীদ প্রকৌশলী শামসুজ্জামান স্টেডিয়ামে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চট্টগ্রাম মহানগরীর দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আয়োজকদের দাবি, সম্মেলনে প্রায় ১৫ হাজার শ্রমিক কাউন্সিলর অংশ নেন।
তিনি বলেন, ‘দেশের সংকটকালে প্রধানমন্ত্রী সম্প্রতি জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। আমরাও এই জাতীয় ঐক্যের সাথে একমত। কিন্তু প্রধানমন্ত্রী ও সরকারই জুলাই সনদ বাস্তবায়ন না করার মাধ্যমে জাতীয় ঐক্যের সামনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়ে আছেন। গণভোটের রায়কে উপেক্ষা করে আপনারা জনগণের অধিকার ক্ষুণ্ন করছেন। ৭০ ভাগ ভোটে বিজয়ী গণভোটের রায়কে ৫০ ভাগ সংসদীয় আসনের জোর দেখি প্রত্যাখ্যান করা যায় না। আপনারা জাতীয় ঐক্য চাইলে ৭০ ভাগ ভোটের গণরায়কে মেনে নিন। গণভোটের রায় মেনে নিলে জনগণই ইস্পাতকঠিন ঐক্য নিয়ে ফ্যাসিস্টকে মোকাবিলা করার জন্য দাঁড়িয়ে যাবে। গণভোটের রায় মেনে নিলেই ফ্যাসিস্টবিরোধী শ্রমিকজনতার ইস্পাতকঠিন জাতীয় ঐক্য তৈরি হবে।’
প্রায় ১৫ হাজার শ্রমিক কাউন্সিলরের অংশগ্রহণে অনুষ্ঠিত এই সম্মেলনে ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মিয়া গোলাম পরওয়ার বলেন, শিল্পমালিক ও নীতিনির্ধারকরা ‘শিল্প বাঁচলে, দেশ বাঁচবে’ বললেও বাস্তবতা হলো ‘শ্রমিক বাঁচলেই, শিল্প বাঁচবে’। যে শ্রমিকরা শ্রম ও ঘাম দিয়ে শিল্প বাঁচিয়ে রাখেন, তাদের ন্যূনতম অধিকার ও অসুস্থতায় চিকিৎসার সুযোগ না দিলে সেই শ্রমনীতি প্রত্যাখ্যান করে ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
চট্টগ্রাম বন্দর ও দেশের সম্পদ ব্যবস্থাপনা প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশের সব সম্পদ দেশীয়ভাবে পরিচালনা করার সক্ষমতা অর্জন করুন। বিশেষ করে চট্টগ্রাম বন্দর নিয়ে বহুমুখী ষড়যন্ত্র চলছে। এমনকি দুঃখজনকভাবে সরকারের দায়িত্বশীল পদে থাকা কোনো কোনো ব্যক্তি এসব ষড়যন্ত্রের অংশ। চট্টগ্রাম বন্দরকে দেশের স্বার্থ বিকিয়ে বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দিলে জনগণ আপনাদের ‘আধিপত্যবাদী শক্তির দালাল’ আখ্যা দেবে। অবিলম্বে দেশের সকল সম্পদ দেশীয় ব্যবস্থাপনায় পরিচালনা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন।
প্রতিবেশী ভারতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমরা সকল প্রতিবেশীর সাথে সুসম্পর্ক রাখতে চাই। কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারত মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত অপরাধী খুনি হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণ-আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে; জুলাইয়ের গণঅভ্যুত্থানকে অস্বীকার করেছে। দিল্লি যদি রিমোট কনট্রোলের মতো করে বাংলাদেশে আধিপত্য চালাতে চায়, তাহলে আমরা স্পষ্ট বলে দিতে চাই, বাংলাদেশ কখনো দিল্লির ন্যূনতম আধিপত্যও মেনে নেবে না।’
ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে সম্মেলনে কাউন্সিলরদের অংশগ্রহণে নির্বাচন পরিচালনার পর ২০২৭–২০২৮ সেশনের জন্য এস এম লুৎফর রহমান পুনরায় চট্টগ্রাম মহানগরী সভাপতি এবং আবু তালেব চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত ও মনোনীত হন।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, সংখ্যাগরিষ্ঠ শ্রমিক-মেহনতি মানুষ ভালো থাকলেই দেশ ভালো থাকবে; তবে এর আগে সরকারকে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে এবং আধিপত্যবাদী শক্তির কালো থাবা থেকে দেশ রক্ষায় শ্রমিকজনতাকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ ছাড়া অন্যদের মধ্যে বক্তব্য দেন এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী ও এমপি জহিরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর নজরুল ইসলাম, উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার, দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, মহানগরী সেক্রেটারি নুরুল আমিন, সাবেক কাউন্সিলর শামসুজ্জামান হেলালী, ফেডারেশনের চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা সভাপতি যথাক্রমে ইউসুফ বিন আবু বক্কর ও নুরুল হোসাইন এবং রাজনীতিবিদ শফিউল আলম। সম্মেলনে সংগীত পরিবেশন করেন শিল্পী সাইফুল্লাহ মানসুর এবং শহীদ পরিবারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আলী আহমাদ মাবরুর।






























