অদম্য মাহফুজের গোল্ডেন জিপিএ-৫, উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী

পঞ্চম শ্রেণিতে পড়ার সময় একটি পা হারিয়েছিল মাহফুজ। শারীরিক প্রতিবন্ধকতা তাকে থামাতে পারেনি। হুইলচেয়ারে বসেই পড়াশোনা চালিয়ে এবার এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে সে। তার অদম্য সাফল্যের গল্প শুনে আবেগাপ্লুত হন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সবাই।

বুধবার সকাল ১১টায় শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে মাহফুজের পাশে দাঁড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি মাহফুজের উচ্চশিক্ষাসহ পড়াশোনার যাবতীয় খরচ বহনের ঘোষণা দেন। পাশাপাশি নিজের খরচে তাকে কৃত্রিম পা লাগিয়ে দেওয়ারও প্রতিশ্রুতি দেন।

আগামীকাল বৃহস্পতিবার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে তার কৃত্রিম পা লাগানোর কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

মাহফুজ শিবগঞ্জ উপজেলার কিচক ঠাকুরপাড়া গ্রামের আব্দুল ওহাবের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ২৩৩ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। তাদের সনদ, মগ, নগদ অর্থ, খাতা, কলম, স্কুলব্যাগ ও গাছের চারা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, মেধা, পরিশ্রম ও স্বপ্ন দিয়ে শিক্ষার্থীরাই দেশকে এগিয়ে নেবে। দেশের সেরা ১০টি কলেজের যেকোনো একটিতে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া শিক্ষার্থীদের ১০ হাজার টাকা করে পুরস্কার দেওয়ার ঘোষণা দেন তিনি। পাশাপাশি সব স্কুলছাত্রীকে সাইকেল দেওয়ার কথাও জানান।